শীতের পোশাক ব্যবহারের আগে যা মানা জরুরি
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ১৪:৪৯
শীত আসছে। ইতোমধ্যে ভোররাতে হালকা ঠান্ডা পড়ছে। ভারী শীত জেঁকে বসার আগে গরম পোশাক নামিয়ে নিন। আলমারিতে রেখে দেওয়া উলের বিভিন্ন পোশাক বের করেই রোদে দিন। কারণ বদ্ধ জায়গায় পোশাক অনেক দিন রেখে দিলে দুর্গন্ধ হয়। এমনকি ছত্রাকও পড়তে পারে। তাই গরম কাপড় ব্যবহারের আগে নির্দিষ্ট সময় রোদে শুকিয়ে নিন। খেয়াল রাখুন কড়া রোদে যেন রং বা উলের বুনন নষ্ট না হয়।
ব্যবহারের আগে সোয়েটার, শাল বা জ্যাকেটে ছাতা, দাগ বা পোকার কাটা ছিদ্র আছে কিনা দেখে নিন। অপরিষ্কার, স্যাঁতসেঁতে গন্ধযুক্ত বা সরাসরি ত্বকের সংস্পর্শে আসা কাপড় আগে ধুয়ে ব্যবহার করুন। উলের পোশাক ধুতে হবে যত্ন নিয়ে। উলের কাপড় কড়া ডিটারজেন্ট বা গুঁড়া সাবান দিয়ে না ধুয়ে ঠান্ডা পানিতে মৃদু লিকুইড ক্লিনার দিয়ে ধুতে পারেন। ভারী জ্যাকেট বা ব্লেজার প্রয়োজনে ড্রাই ওয়াশ করান। সোয়েটারে রোয়া জমলে হাত দিয়ে না খুঁচিয়ে লিন্ট রিমুভার দিয়ে হালকা করে পরিষ্কার করুন। লেপ, কম্বল ও কম্ফোর্টার বের করে কড়া রোদে শুকিয়ে নিন। বেশি ময়লা জমলে ব্যবহারের আগে ড্রাই ওয়াশ করিয়ে নিন।
শীতের গরম কাপড়ের পাশাপাশি আলমারিরও যত্ন নিন। পোশাক রাখতে রাখতে আলমারিতেও দুর্গন্ধ হয়। এতে সব কাপড়ে গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধ কমাতে আলমারির এক কোণে বেকিং সোডা রাখুন। দুর্গন্ধ শোষণে এটি বেশ কার্যকর উপাদান।
শুকনো ল্যাভেন্ডার জামাকাপড়ে হালকা ফুলের সুবাস বজায় রাখতে সহায়ক। সুতি কাপড়ের ছোট পুঁটলিতে কয়েকটি শুকনো ল্যাভেন্ডার ফুল ভরে মুখ বেঁধে দিন। এরপর এটি আলমারির তাক বা ড্রয়ারে রেখে দিন অথবা কয়েকটি গোটা লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে আলমারির তাকে রাখুন। লবঙ্গের ঘ্রাণও আলমারির জামাকাপড় সতেজ রাখে।
কমলার শুকনো খোসা সুতি কাপড়ে পেঁচিয়ে কিংবা একটি ছোট পাত্রে কিছু গুঁড়া কফি রেখে পুঁটলি বাঁধুন। এটি আলমারির এক কোণে রাখুন। কফি ও কমলার খোসার ঘ্রাণ আলমারিতে সতেজ অনুভূতি যোগ করবে।