শরীরে ভিটামিনের ঘাটতি হলে বুঝবেন কীভাবে
ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি অনুভূত হয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১ | ০০:২৫ | আপডেট: ০৮ নভেম্বর ২০২১ | ০৩:১২
অনেকেই আছেন, যারা খাবার নিয়ে খুঁতখুত করেন। নানা ধরনের খাবার তারা খানও না। এমন হলে শরীরে মাঝেমধ্যেই পুষ্টির কিছু উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। সে সব লক্ষণ বুঝে ব্যবস্থা নেওয়া জরুরি। তা না হলে শরীরে বড় ধরনের সমস্যা হতে পারে।
শরীরের ভিটামিন এবং খনিজ পদার্থের ঘাটতি দেখা দিলে কয়েকটি উপসর্গের মাধ্যমে তা প্রকাশ পায়। এমন হলে প্রাথমিক অবস্থাতেই সতর্ক হতে হবে। যেমন-
ক্লান্তি : ভিটামিনের ঘাটতির অন্যতম লক্ষণ হলো ক্লান্তি। শরীরে ভিটামিন বি১২ কম থাকলে কাজের শক্তি কমতে থাকে। এছাড়া মাথায় ঝিমঝিম ভাব, ক্লান্তি দেখা দেয় শরীরে।
নখ ভেঙ্গে যাওয়া : হাত-পায়ের নখ খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কি? ভিটামিন বি-র ঘাটতি দেখা দিলে এমন হয়। চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যাও বাড়তে পারে এমন ক্ষেত্রে।
মাড়ি থেকে রক্ত পড়া : মাড়ি থেকে রক্ত পড়লেও সাবধান হতে হবে। শরীরে ভিটামিন সি-র ঘাটতি হলে এ সমস্যা দেখা দেয়।
রাতে দেখতে সমস্যা : অনেকেরই অন্ধকারে দেখতে অসুবিধা হয়। সে ক্ষেত্রে ভিটামিন এ যুক্ত খাদ্য বেশি করে প্রয়োজন শরীরের।
অন্যান্য সমস্যা : শরীরে ভিটামিন বি৩, বি৬ কম থাকলে খুশকির সমস্যা বাড়তে পারে । অনেকের আবার হাত, পায়ের চামড়াও ফেটে যেতে পারে এই সব ভিটামিনের অভাবে। এমন হলে দুধ, ডিম, মাছ, মাংস বেশি করে খাওয়া প্রয়োজন।
- বিষয় :
- ভিটামিন
- ভিটামিনের ঘাটতি
- পুষ্টি উপাদান
