ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দেবী দুর্গার ভূমিকায় মঞ্চে জ্যোতি সিনহা

দেবী দুর্গার ভূমিকায় মঞ্চে জ্যোতি সিনহা
×
×

জ্যোতি সিনহা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২০:০৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৫:৫৫

শ্রীমঙ্গলে জেলা পরিষদ মিলনায়তনে আগামী সোমবার সন্ধ্যায় পরিবেশিত হবে নৃত্যনাট্য ‘সর্বভূতেষু সংস্থিতা’। দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার পৌরাণিক আখ্যাননির্ভর এই প্রযোজনায় দেবী দুর্গার ভূমিকায় নৃত্যাভিনয় করছেন বাংলাদেশের মঞ্চাভিনেত্রী ও নৃত্যশিল্পী জ্যোতি সিনহা।

এর আগে গত ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যনাট্যটির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন তরুণ নৃত্যশিল্পী প্রাপ্ত প্রীতম।

দীর্ঘ ৯ বছর ধরে পৌরাণিক আখ্যান নিয়ে নিজস্ব অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে কাজ করছে আগমনী ডান্স প্রোডাকশন হাউস। মৌলভীবাজারে দেবীপক্ষ সংগঠনের আয়োজনে প্রতিবছর মহালয়া উপলক্ষে তাদের প্রযোজনায় দক্ষিণ এশিয়ার পুরাণ ও নারীশক্তির নানা দিক তুলে ধরা হয়। এবারের আয়োজনের সঙ্গে ছিল সংগীত দল ‘ফোকতান’-এর পরিবেশনা।

জ্যোতি সিনহা

‘সর্বভূতেষু সংস্থিতা’ প্রযোজনায় সৃষ্টির প্রতিটি স্তর, প্রকৃতি, সময় ও জীবনের স্পন্দনে বিরাজমান আদ্যাশক্তির মহিমা তুলে ধরা হয়েছে। ২০১৮ সাল থেকে মহালয়ার পৌরাণিক আখ্যানকে দৃশ্যনির্ভর নৃত্যনাট্যের আঙ্গিকে মঞ্চে উপস্থাপনের উদ্যোগ নিয়ে কাজ করছেন প্রীতম।

জ্যোতি সিনহাকে নিয়ে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন নির্দেশক। অন্যদিকে জ্যোতি সিনহা বলেন, নারী নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী প্রতীক দেবী দুর্গার চরিত্রের প্রতি বরাবরই আমার আকর্ষণ রয়েছে। এর আগে বিটিভিতে দুইবার দুর্গার ভূমিকায় নৃত্যাভিনয় করেছি। আশা করছি, এবারের পরিবেশনাটি দর্শকের ভালো লাগবে। 

এবারের আয়োজনে প্রায় ৭৫জন শিল্পী অংশগ্রহণ করে। মহাদেবের ভূমিকায় নৃত্য পরিবেশন করে প্রাপ্ত প্রীতম, মহিষাসুরের ভূমিকায় অভিজিৎ কুণ্ডু, কালীরূপে দেবযানী রায়। এছাড়াও নৃত্যনাট্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী অনশ্রী, ঈশিতা বাহাদুর, বিততী বিদ্যা, নিশিতা রাত্রি, কাহিনী দেব, তুলনা তুষ্টিসহ অনেকেই।

আরও পড়ুন

×