ভালোবাসা দিলে আমি গলে যাই: কোনাল
সোমনুর মনির কোনাল। ছবি: সমকাল
এমদাদুল হক মিল্টন
প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৬:২৩ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৮:৫৩
সবার মত জনপ্রিয় তারকাদেরও আছে ব্যক্তিগত জীবন। যার অনেক কিছুই থাকে পাঠকের অজ্না। তারকার অজানা কথাগুলো নিয়ে হাঁড়ির খবর। এবারের হাঁড়ির খবর বললেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল।
শুনেছি, গানই আপনার প্রাণ। সেটিই যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন?
এটা তো কোনোভাবেই সম্ভব নয়। পাখিকে কী গান নিষিদ্ধ করতে বলতে পারবে কেউ? পাখি তো গান গাইবেই। ঠিক তেমনি গানও আমার ভেতরের এক ভালোবাসার জায়গা।
আপনার সবচেয়ে বড় দুর্বলতা, যা দিয়ে বোকা বানানো যায়?
ভালোবাসা। আমাকে একটু ভালোবাসা দিলে আমি মোমের মতো গলে যাই। একদম বোকা হয়ে যাই।
রাতে একা একা গাড়ি চালাচ্ছেন। নির্জন জায়গায় গিয়ে টায়ার পাংচার হয়ে গেল। আপনি টায়ার পরিবর্তনও করতে জানেন না। কী করবেন?
সম্ভাবনা একেবারেই কম। আমি জীবনেও কোনোদিন নির্জন জায়গা দিয়ে গাড়ি ড্রাইভ করে যাব না।
আপনার একটি গোপন কথা বলুন, যা কেউ জানে না।
আমি একটু খুতখুতে স্বভাবের। পারফেকশনিস্ট। সেটি ঘরদুয়ার পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছুতেই। গানের রেকর্ডিংয়ের ব্যাপারে বেশি প্রযোজ্য। যতক্ষণ পর্যন্ত আমার কাছে পারফেক্ট না লাগে, ১০০ বার টেক দেব।
কোন পরিস্থিতিতে কাউকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছা হয়?
অনেক পরিস্থিতিতে। আমার ইদানীং মেজাজ গরম হয়ে যায়। ভদ্রতার খাতিরে পারি না। কিন্তু অনেককে মারতে ইচ্ছা করে।
ধরুন, শুটিংয়ের সময় কেউ একজন আপনার কাছে চিরুনি চাইল, তার মাথায় আবার খুশকি আছে। তাকে কি চিরুনি ধার দেবেন?আমার ব্যাগে কোনোদিন চিরুনি থাকেই না। আমার ফোন, কলম–এসব জিনিস থাকে। আর একটি বিশেষ জিনিস থাকে, তা হলো যষ্টিমধু।
কোন শব্দটি দিনে বেশিবার ব্যবহার করেন?
ইয়া আল্লাহ
জীবনে শ্রেষ্ঠ পাওয়া উপহার...
জীবনটাই একটি বড় উপহার।
জন্মদিনে কাকে দাওয়াত দেবেন না?
এটি তো কখনও ভাবিনি। তবে আমার জন্মদিনে যারা উইশ করে না, তাদের কখনোই দাওয়াত দেওয়ার ইচ্ছা নেই।
শেষ কবে কার কাছে কানমলা খেয়েছেন?
গত বছর রুনা লায়লা ম্যাডামের কাছে খেয়েছি। আবারও খাওয়ার ইচ্ছা আছে। এটি যন্ত্রণার নয়, মধুর।
নিজ হাতের রান্না কাকে খাওয়াতে চান?
সবাইকে। এটি আমি খুব পছন্দ করি। মেহমানদারি করতে অন্যরকম আনন্দ পাই।
ক্লাস ওয়ানে পড়ার সুযোগ পেলে কী করবেন?
আবার ভর্তি হবো। রঙিন শৈশবে ফিরে যাওয়ার আনন্দই অন্যরকম।
চুলে চুইংগাম আটকে গেলে কী করবেন?
আস্তে ধীরে তেল দিয়ে ওঠাবো। এ কাজটি করতে ধৈর্যের পরীক্ষা দিতে হয়।
একদিনের রাষ্ট্রক্ষমতা পেলে কী করবেন?
শিশুদের জন্য সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়বো।
প্রিয়জনদের কাছ থেকে কোন প্রশংসা বেশি শোনেন?
আমার নাকি অনেক মায়া।
ওপেন এয়ার কনসার্টে গিয়ে দেখলেন আপনার মাইক্রোফোন নষ্ট। কী করবেন?
এরকম হয়েছে এক-দুইবার। কনসার্টে গিয়ে দেখলাম মাইক্রোফোন নষ্ট। তখন সাউন্ড কোম্পানির কিংবা অন্য শিল্পীর মাইক্রোফোন দিয়ে গান করেছি। টেকনিক্যাল জিনিস তো, এটা হতেই পারে।
দেশের কোনো এক জায়গায় গিয়ে দেখলেন কেউ চিনতে পারছে না, কী করবেন?
আনন্দ, আর আনন্দ হবে তখন। তখন মনের আনন্দে ঘুরে বেড়াবো, একদম সাধারণ মানুষের মতো।
প্রথম দর্শনে প্রেম বিশ্বাস করেন?
না। প্রথম দেখায় ভালো লাগা তৈরি হতে পারে। তবে মানুষকে সত্যিকারভাবে জানতে, বুঝতে আর ভালোবাসতে সময়ের প্রয়োজন হয় বলেই আমি মনে করি।
- বিষয় :
- কোনাল
