যেমন হলো ঈদের সিনেমা
অনিন্দ্য মামুন
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ০৭:২৩
| প্রিন্ট সংস্করণ
এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহের লড়াইয়ে নেমেছিল পাঁচটি সিনেমা। সাহিত্যনির্ভর, নারীকেন্দ্রিক, থ্রিলার, ভায়োলেন্স, বাণিজ্যিক বিভিন্ন ঘরানার গল্পে সাজানো হয়েছিল মুক্তিপ্রাপ্ত এই সিনেমাগুলো। ঈদের দুই সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে এখনও চলছে একগুচ্ছ অভিনয়শিল্পীর ‘বনলতা এক্সপ্রেস’, শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, আফরান নিশোর ‘দম’, চার নারী অভিনয়শিল্পীর ‘প্রেশার কুকার’। সিনেমাগুলো দর্শকরা কতটা গ্রহণ করল, কতটা আশা-হতাশ করল সেসব নিয়েই এই আয়োজন।
ঈদের দিন থেকে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায়–দর্শকের উপচে পড়া ভিড়। কাউন্টারে গিয়ে জানা গেল, ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’, ‘দম’ ও ‘প্রেশার কুকার’–সবক’টির টিকিটই সোল্ড আউট! শুধু সেদিন নয়, পরের দিনেরও নেই কোনো শোয়ের টিকিট। পরশুর টিকিট পেতে হলে ভরসা অনলাইন। খোঁজ নিয়ে জানা যায় সিনেপ্লেক্সের অন্য শাখাগুলোতেও একই চিত্র। ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসও ব্যতিক্রম নয়। আর সিঙ্গেল স্ক্রিন! মধুমিতায় খবর নিয়ে জানা গেল, সেখানেও উপচে পড়েছিল দর্শক, ব্ল্যাকে বিক্রি হচ্ছিল টিকিট, সাভারের সেনা অডিটোরিয়ামেও ছিল একই চিত্র। তবে ঈদের ১২তম দিনে এসে দেখা গেল ভিন্ন চিত্র। সিঙ্গেল স্ক্রিন দর্শক খরায় ভুগছে অনেকটা, যে হলগুলোতে শাকিব খানের প্রিন্স চলছিল তার অনেকটাতেই রাক্ষস সিনেমা প্রদর্শনের তোড়জোড় চলছে। চিত্র বদলেছে মাল্টিপ্লেক্সেও। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাতে এখনও দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেলেও অন্য শাখায় তেমন দর্শক চাপ নেই। তবে এখনও ঈদের আমেজ লেগে আছে শাখাগুলোতে।
মাল্টিপ্লেক্সে দর্শক ধরে রেখেছে বনলতা এক্সপ্রেস
ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পেয়েছে তানিম নূর নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমা কেবল মাল্টিপ্লেক্সেই মুক্তি পেয়েছে। শোয়ের দিক থেকে মাল্টিপ্লেক্সে দ্বিতীয় সিনেমা ছিল এটি। ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে সাতটি শাখাতে মোট ১৯টি শো প্রদর্শিত হয় এবং ব্লকবাস্টার সিনেমাস এবং লায়ন সিনেমায়ও ছিল দুটি করে শো। এই তেইশটি শো নিয়েই যাত্রা শুরু হয় ‘বনলতা এক্সপ্রেস’ এর। তবে মুক্তির পর প্রেক্ষাগৃহে দারুণ চমক দেখাতে শুরু করে। একই হল নিয়ে প্রথম সপ্তাহ অতিক্রান্ত করার পর দ্বিতীয় সপ্তাহে এক লাফে বেড়েছে শো। সবচেয়ে শো নিয়ে এগিয়ে থাকা ‘দম’-কে টপকে শীর্ষে চলে আসে সিনেমাটি। বুধবার পর্যন্ত কেবল স্টার সিনেপ্লেক্সে দেখা গেছে সিনেমাটির ২৯টি শো। অধিকাংশ শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঈদের এগারোতম দিন পর্যন্ত পাওয়া খবরে সিনেপ্লেক্স থেকে এই সিনেমার সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ২.৭০ কোটি টাকা (গ্রস)। আয়ের দিক থেকে গতকাল এই সিনেমা তিন কোটির ক্লাবে প্রবেশ করেছে। এই আয় নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার আয় নিয়ে পরিচালক তানিম নূর জানালেন, আপনারা যে আয়ের তথ্য দিয়েছেন, সেটা অনেকটাই সত্য। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় যাত্রীদের ব্যক্তিগত জীবনের নানা স্তর উঠে এসেছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত গল্পে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। সিনেমাটি দেখতে মাল্টিপ্লেক্সে দর্শক উপচে পড়ছে যেন।
দেশের দর্শকপ্রিয়তা ছাড়িয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এবার বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন তানিম নূর। আজ থেকে (৩ এপ্রিল) ছবিটি মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও ইউকে’র ৫২টি প্রেক্ষাগৃহে। আশা করা যাচ্ছে বিদেশেও সিনেমাটি দারুণভাবে সাফল্য পাবে।
ফুরিয়ে যাচ্ছে দম
ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘দম’। ঈদের থেকে মাল্টিপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে ২৪টি শোতে প্রদর্শিত হয় সিনেমাটি। রেদওয়ান রনি পরিচালিত এবং আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামাবেজড সিনেমা ‘দম’। ঈদের প্রথম দিন থেকে সিনেমাটি ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে ছিল। স্টার সিনেপ্লেক্সের রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলসহ অন্যান্য শাখাতে সিনেমাটি দেখতে ভিড় দেখা গেছে। সেই ভিড়কে লাঘব করতে ঈদের এক দিন পরই শো বাড়িয়ে ২৭টি করা হয়। ফলে ‘দম’ সর্বোচ্চ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে চোখ রাঙাচ্ছিল অন্য সিনেমাগুলোকে। আর লায়ন সিনেমাসে তিনটি ও ব্লকবাস্টার সিনেমায় চলছিল দুটি করে শো। ঈদের প্রথম সপ্তাহে পুরোদমে ‘দম’ দাপট নিয়ে চললেও দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এসে দম যেন ফুরিয়ে যাচ্ছে। গতকাল (১ এপ্রিল) থেকে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় মোট শো চলছিল ১৯টি। ঈদের ১১তম দিন পর্যন্ত সিনেমাটির সম্ভাব্য আয়ের খোঁজ পাওয়া যায়, তাতে দেখা গেছে, এগারোতম দিন শেষে ‘দম’-এর মোট মাল্টিপ্লেক্স (গ্রস) ২.৮৫ কোটি টাকা। সিনেমাটি যে আয়োজন নিয়ে শুরু হয়েছিল, দুই সপ্তাহান্তে সিনেমাটির আয় ও দর্শকপ্রিয়তা পড়তে শুরু করেছে। বিদেশে মুক্তির ব্যাপারে আবার এগিয়ে রয়েছে সিনেমাটি। ছবিটি এরই মধ্যে অস্ট্রেলিয়াতেও মুক্তি দেওয়া হয়েছে। সেখানে দারুণ দর্শক সাড়া পাচ্ছে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দম প্রযোজক। এবার মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রে। জানানো হয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে ছবিটি নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে ছবিটি মুক্তি পাবে। এরপর ১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ।
মাল্টিপ্লেক্সের পর সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস
ঈদের অন্যতম রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। বরবাদখ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে রয়েছেন সিয়াম আহমেদ। এটিও কেবল মাল্টিপ্লেক্সেই মুক্তি পায়। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে আগ্রহ। দীর্ঘ প্রস্তুতির পর বড়পর্দায় সিয়ামের নতুন রূপ দেখে মুগ্ধ হচ্ছিলেন দর্শকরা। ঈদের দিন মাত্র ১৪টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছিল। তবে দর্শক চাহিদায় তা বেড়ে ২০-এর অধিক হয়। তবে দ্বিতীয় সপ্তাহে এসে হুট করেই শো কমে যায় স্টার সিনেপ্লেক্সে। দর্শকরা টিকেট না পেয়ে সিনেমাটি না দেখে ফিরে যাচ্ছেন দাবি করে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শো বাড়ানোর দাবি করলেও শো বাড়ানো হয়নি। তাই স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা ও লায়ন সিনেমায় সর্বমোট ১৫-২০টি শো নিয়ে দৌড়াচ্ছিল রাক্ষস। ঈদের এগারোতম দিনে খবর আসে ‘রাক্ষস’ সিনেমার মাল্টিপ্লেক্সে মোট আয় হয়েছে (গ্রস) ১.৬৯ কোটি টাকা। মাল্টিপ্লেক্সের পর এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল অ্যানার্জি প্রোডাকশন জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ৩০টির মতো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে।
সর্বোচ্চ সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্সে ভাগ্য খারাপ প্রিন্সের
ঈদে সারাদেশের ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স। মুক্তির পর থেকেই হল সংখ্যার দিক থেকে এগিয়ে ছিল এবং দেশের সব সিঙ্গেল স্ক্রিনে দাপট দেখিয়েছে। তবে মুক্তির দিন থেকেই ভাগ্য সহায় ছিল সিনেমাটির বেলায়। সার্ভার জটিলতায় ঈদের দিন দুপুর পর্যন্ত অনেক প্রেক্ষাগৃহে শো চালু না হওয়ায় দর্শক হতাশ হন, কোথাও ক্ষোভ দেখা যায়। এমনকি স্টার সিনেপ্লেক্স-এর মতো মাল্টিপ্লেক্সের সবচেয়ে বৃহৎ চেইনটিতেও ঈদের প্রথম তিন দিন সিনেমাটি প্রদর্শিত হয়নি। পরে ঈদের চতুর্থ দিন থেকে সেখানে শো শুরু হলে দ্রুতই হাউসফুল হয়ে ওঠে। এরপর থেকে প্রতিটি শোয়ের টিকিট সোল্ড আউটের খবর আসতে থাকে। হাউসফুল শোয়ের খবর আসে। তবে শো দেরিতে শুরু হওয়ায় সার্ভার জটিলতা থাকলেও ঈদের অন্যতম আলোচিত সিনেমা এটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি চাঁদ রাতেই সিঙ্গেল স্ক্রিন থেকে টেবিল কালেকশন করে প্রায় সাড়ে তিন কোটি টাকা। ঈদের এগারোতম দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স আয় হয় ১.৭৩ (গ্রস) কোটি টাকা। শোয়ের সংখ্যা ছিল সাতটি।
এসি নষ্টের অজুহাতে দর্শকদের টাকা ফেরত
সব ঝামেলা চুকিয়ে যখন মাল্টিপ্লেক্সে প্রিন্স সিনেমা চলছিল, ঠিক তখনই আসে নতুন মন খারাপের খবর। পরিচালক আবু হায়াত মামুদ জানান, স্টার সিনেপ্লেক্সের কিছু হলে এসি বিকল থাকায় দর্শকদের স্বস্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে ‘প্রিন্স’ প্রদর্শন না করে দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
চার নারীর গল্পের প্রেশার কুকারেও ছিল দর্শক সাড়া
এবারের ঈদে সবচেয়ে সাহসী কাজটি দেখিয়েছেন নির্মাতা রায়হান রাফী। সাফল্য পেতে গতানুগতিক পথে না হেঁটে এই নির্মাতা হেঁটেছেন বিকল্প পথে। চার নারীকে নিয়ে প্রেশার কুকার বানিয়ে মুক্তি দিয়েছেন মাল্টিপ্লেক্সে। নায়কনির্ভর বড় বাজেটের সঙ্গে পাল্লা দিয়ে এই প্রেশার কুকারও কম দাপট দেখায়নি। ঈদের দিন থেকে কেবল মাল্টিপ্লেক্সেই ১৫টি শো প্রদর্শিত হয় সিনেমাটির। ঈদের দ্বিতীয় সপ্তাহান্তে এসে সিনেমাটির স্টার সিনেপ্লেক্সে শো চলছে ৯টি। ব্লকবাস্টার ও লায়ন সিনেমায় একটি করে শো। এগারোতম দিন শেষে ‘প্রেশার কুকার’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৯৭.৩০ লাখ টাকা। গতকাল (বুধবার) মাল্টিপ্লেক্সগুলো থেকে ১ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বিভিন্ন চরিত্রে সিনেমাতে রয়েছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
- বিষয় :
- ঈদে মুক্তি
