নির্মাতা হিসেবে শুরু, অভিনয়ে পেলেন আলাদা পরিচিতি
পার্থ শেখ
আবদুল্লাহ আল মামুন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫২
| প্রিন্ট সংস্করণ
একসময় স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে ক্রিকেট খেলার। বয়সভিত্তিক ক্রিকেটে ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন। ইনজুরি থামিয়ে দেয় সেই স্বপ্নের দৌড়। তবে থেমে যাননি পার্থ শেখ। ক্রিকেটের মাঠ থেকে এবার নামলেন অভিনয়ের মঞ্চে। নতুন স্বপ্ন, নতুন লড়াই–সেই লড়াইয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তরুণ অভিনেতা ও মডেল পার্থ শেখ।
শুরুর দিকে নির্মাতা হিসেবে পথচলা শুরু করলেও অভিনয় তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। মাত্র দুই বছরের অভিনয়জীবনে নাটক, ওয়েব ছবি ও মিউজিক ভিডিও–সব ক্ষেত্রে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। গতানুগতিক চরিত্রের বাইরে ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে কাজ করার চেষ্টা তাকে দর্শকের কাছে আলাদা করে চিনিয়েছে।
তবে এ যাত্রায় সম্প্রতি এসেছে নতুন এক বাঁক। যদিও এ বাঁকের আগে হুট করে নিয়েছিলেন বিরতি। ক্যারিয়ারের শুরুতে কেন এই বিরতি? কৌতূহল নিয়ে প্রশ্ন রেখেছেন অনেকে। সেই প্রশ্নের উত্তর এলো বিরতির আট মাস পর। কারণ, বড় করে লাফ দিতে কয়েক পা পিছিয়েছিলেন তিনি। আট মাস পর নতুন নাটক ‘অমর প্রেম’ নিয়ে ফিরেছেন তিনি। ফিরে পেলেন অফুরন্ত ভালোবাস। যে ভালোবাসা অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেল তাকে। নাটকটি ঘিরে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।
শুধুই দর্শক! সহকর্মীদের থেকেও পেয়েছেন অফুরন্ত ভালোবাসা। পার্থকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, ফররুখ আহমেদ রেহান, পরিচালক ইমরাউল রাফাত, রাফাত মজুমদারসহ অনেকে। তৌসিফ মাহবুব তার ফেসবুক স্ট্যাটাসে পার্থকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘পর্দা আরও এক নতুন তারকা খুঁজে পেল।’
পরিচালক ইমরাউল রাফাতের কথায় উঠে এসেছে পার্থর শুরুর গল্পও। ২০২২ সালে তিনি পার্থকে ফিকশনে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন কিছুটা দ্বিধায় থাকলেও এক বছর পর অভিনয় শুরু করেন পার্থ। এরপর একের পর এক কাজ তাকে নিয়ে গেছে সামনে। রাফাতের ভাষায়, এবার দর্শক তাদের প্রিয় ‘চকলেট বয়’কে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছেন।
সহকর্মীদের এমন ভালোবাসায় আপ্লুত পার্থ নিজেও। নাটকটি প্রকাশের পর রাতভর শুভেচ্ছার জবাব দিয়েছেন। তার ভাষায়, এত ভালোবাসা পেয়েছেন যে ঘুমই আসছিল না। ক্যারিয়ারে এমন ভালোবাসা আগে কখনও পাননি বলেও জানান তিনি।
জেনে অবাক হবেন এখন অভিনয়ে ব্যস্ততা থাকলেও পার্থ একসময় ভালো ক্রিকেট খেলতেন। স্বপ্ন দেখতেন জাতীয় দলে খেলার। খেলতে গিয়ে হঠাৎ স্পাইনাল কর্ডের ইনজুরি তার স্বপ্ন ভেঙে দেয়।
নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন শোবিজ অঙ্গনে। ক্রিকেটকে বিদায় জানানোর দুই বছর পর ২০১৭ সালে অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে মডেলিংয়ে নাম লেখান পার্থ শেখ। দুই বন্ধুর অডিশন দেখতে গিয়ে সুযোগটা মিলেছিল তার। এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন। ওই বছরই প্রকাশিত ‘শূন্য’ ব্যান্ডের ‘জড়িয়ে দাও’ মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পেয়েছেন তিনি। স্বপ্ন মোড় নিয়ে চলে আসে অভিনয়ে। তাই ২০২০ সালে প্রাচ্যনাটের অভিনয়ের কোর্স করেছেন। এরপর থেকে অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে ‘কারাগার’, ‘অদৃশ্য’, ‘প্রেমকাব্য’, ‘মেঘফুল’-এর মতো কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেতা।
এখন নতুন নতুন চরিত্রের মধ্যে নিজের স্বপ্নকে নতুন করে আবিষ্কার করতে চান। চরিত্র বাছবিচারেও বেশ নজর তার। অভিনেতার ভাষ্য, ‘যে গল্পগুলো আমার জন্য চ্যালেঞ্জিং, নতুন অভিজ্ঞতা, ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে, নতুনভাবে আবিষ্কার করবে–এমন কিছু খুঁজে বেড়াই। নতুন চরিত্রে অভিনয় মানে নিজেকে নতুনভাবে দেখা।’
টিভি নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি পছন্দের চিত্রনাট্য পেলে নিয়মিত সিনেমাও করতে চান পার্থ শেখ। অভিনয়ে হুমায়ুন ফরীদি, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, ফাহাদ ফাসিল, শহিদ কাপুরদের অনুসরণ করেন তিনি। সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে পার্থ বলেন, ‘নাটক ও ওটিটির কনটেন্ট নিয়ে বেশি ব্যস্ত। ভালো গল্পের স্ক্রিপ্ট ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় আমাকে দেখা যাবে।’
মুন্সীগঞ্জে জন্ম নেওয়া পার্থের বেড়ে ওঠা ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে একটি এজেন্সিতে চাকরি করেছেন তিনি। সেখানে টুকটাক নির্মাণও করেছেন। তবে নির্মাতা হিসেবে নয়, অভিনেতা হিসেবে এখন দর্শক-হৃদয় জয়ের মিশন তার।
অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনেও নতুন অধ্যায় শুরু হয়েছে তার। চলতি বছরের শুরুতে দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানকে বিয়ে করেছেন পার্থ। সব মিলিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবন–দুদিকে যেন নতুন সময়ের শুরু, নতুন স্বপ্নের পথে হাঁটা। যে পথে দীর্ঘদিন হাঁটতে চান তিনি। সে লক্ষ্যে নিজেকে ক্রমাগত পরিণত করছেন পার্থ।