ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পানিসম্পদ

সুপেয় পানির সংকট কাটবে না?

সুপেয় পানির সংকট কাটবে না?
×

--

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ১৪:২৪

নাগরিক জীবনে পানির সংকট কীভাবে ক্রমেই প্রকট হয়ে উঠছে, বিশ্ব পানি দিবস উপলক্ষে রোববার সমকালে প্রকাশিত প্রতিবেদনে তা স্পষ্ট। প্রতিবেদনটির সঙ্গে বুড়িগঙ্গা নদীর 'আলকাতরার মতো' প্রবাহের যে আলোকচিত্র প্রকাশ হয়েছে, তা যথেষ্ট উৎকণ্ঠা জাগানিয়া হলেও বাস্তবে নিমজ্জিত হিমশৈলীর চূড়া মাত্র। আমরা জানি, উত্তরবঙ্গ থেকে উপকূল- সর্বত্রই এভাবে নদীর প্রবাহ সুপেয় পানি হিসেবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। আলোচ্য প্রতিবেদনে আমরা দেখছি, সুপেয় পানির সংকটে উপকূল থেকে বসতি উঠিয়ে নগরে এলেও সুপেয় পানির সংকট কীভাবে পেছনে পেছনে এসে উপস্থিত হচ্ছে। বস্তুত বাংলাদেশ 'পানির দেশ' হিসেবে পরিচিত হলেও গত দুই দশক ধরে এখানে পানি সংকটই প্রকট হয়ে উঠেছে।

একদিকে যেমন নদনদীগুলো প্রবাহস্বল্পতায় ভুগছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমে নিচে নেমে যাচ্ছে। বিসবুজীকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের হার ও ঋতুভিত্তিক বণ্টনে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। নদীসহ ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয়ে এখনও সারাবছর যে পানি থাকে, তার বড় অংশ সদ্ব্যবহার করা সম্ভব হয় না দূষণ ও অব্যবস্থাপনার কারণে। পানির পর্যাপ্ত সরবরাহ ছাড়া করোনাভাইরাসের মতো দুর্যোগ মোকাবিলা কতটা কঠিন, বর্তমান সময়ে আমরা বুঝতে পারছি। মনে রাখতে হবে, পরিবর্তিত জলবায়ুতে এমন দুর্যোগ সংখ্যা ও পরম্পরা যেমন বাড়বে, তেমনই কমতে থাকবে মিঠাপানির প্রাপ্যতা। এমতাবস্থায় সুপেয় পানির সংকট মোকাবিলায় আমরা নতুন করে ভাবতে বলি।

বিশেষত নদনদীগুলোতে প্রবাহ নিশ্চিত করতে এবং যতটুকু প্রবাহ রয়েছে, তা দূষণমুক্ত রাখার বিকল্প নেই। ভূগর্ভস্থ পানি উত্তোলনও যথাসম্ভব কমিয়ে আনতে হবে। একই সঙ্গে বৃষ্টির পানির সর্বোচ্চ সদ্ব্যবহারের পক্ষেও আমরা। বাংলাদেশ যে বিশ্বের শীর্ষ দশ বৃষ্টিবহুল দেশের একটি, বৃষ্টির পানির ব্যাপারে আমাদের সাংস্কৃতিক ও কারিগরি প্রবণতা দেখে তা বোঝার অবকাশ নেই। অথচ এত পরিস্কার ও সুপেয় পানি আর কোনো উৎস থেকে পাওয়া যায় না বলে বিশ্বজুড়েই বৃষ্টির পানির কদর সবচেয়ে বেশি। আশার কথা, ইতোমধ্যেই ন্যাশনাল বিল্ডিং কোড সংশোধন হয়েছে। নতুন বাস্তবতায় পানি সংকট মোকাবিলা করতে হলে ঘরে ও বাইরে প্রস্তুতি নিতেই হবে আমাদের।

আরও পড়ুন

×