ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হত্যা 

বিদেশে স্বপ্নযাত্রায় নিরাপত্তাহীনতার প্রশ্ন

বিদেশে স্বপ্নযাত্রায় নিরাপত্তাহীনতার প্রশ্ন
×

উভয়ই পিএইচডি করছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়

মাহফুজুর রহমান মানিক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৯:১০

হাজার হাজার মাইল দূর থেকেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজের খবর সঙ্গত কারণেই আমাদের ভারাক্রান্ত করছিল। অনেকেই হয়তো ভাবছিলেন তারা ফিরে আসবে। উভয়ই পিএইচডি করছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়। কিন্তু ১০ দিন নিখোঁজ থাকার লিমনের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ, বৃষ্টির মৃত্যু অনেকটা নিশ্চিত হলেও তার সন্ধান এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। হিশামকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনে রোববার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ১৬ এপ্রিল থেকেই লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক পারিবারিক বন্ধু বিষয়টি খেয়াল করেন। এরপর থেকেই তাদের খোঁজ চলছিল। সিএনএন তাদের উভয়কে ‘প্রমিজিং ইয়াং রিসার্চারস’ হিসেবে উল্লেখ করেছে। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

তাদের নিয়ে নিঃসন্দেহে পরিবারের অনেক স্বপ্ন ছিলো। যুক্তরাষ্ট্রের মতো দেশে পিএচডি গবেষণারত শিক্ষার্থীরা কেবল পরিবারেরই নয়, দেশেরও সম্পদ। তাদের এমন পরিণতি অত্যন্ত বেদনাদায়ক। সিএনএন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সূত্রে ২০২৪ সালে তথ্য দিয়ে বলছে, ১৭ হাজারের অধিক বাংলাদেশী শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। এই দুই শিক্ষার্থীর পরিণতি সেসকল শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য উদ্বেগের কারণ হবে।

সিএনএনের সঙ্গে যুক্ত সংবাদ মাধ্যম ফ্লোরিডার ডব্লিউটিএসপি তথা টেম্পা বে বলছে, দুই বাংলাদেশীর হন্তারক হিসেবে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে আগেও অপরাধের অনেক অভিযোগ ছিল। এমন ব্যক্তিকে কেন যুক্তরাষ্ট্রের মতো দেশের আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রাখল না? লিমনই বা কীভাবে তার অতীত না জেনে তার রুমমেট হল? এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

লিমন ও বৃষ্টি উভয় বন্ধু ছিল। উভয়কেই কীভাবে একসঙ্গে নিশানা করা হয়েছে এবং হত্যার কারণ যুক্তরাষ্ট্রের পুলিশ অনুসন্ধান করছে। দুইজন গবেষকের এ পরিণতিতে থেকে শিক্ষা নিয়ে বিদেশে যারা পড়াশোনা করছে, তাদের নিরাপত্তা বিষয়ে সতর্কতা জরুরি। রুমমেটদের সম্পর্কে বিস্তারিত জানা, বিশ্ববিদ্যালয় ও বসবাসের জায়গায় নিজেকে সুরক্ষিত রাখার বিষয়ে অবহেলা নয়। যে কোনো বিপদে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা প্রয়োজন। বিদেশে শিক্ষার্থীরা যাতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে প্রয়োজনে নিকটে পায় সেজন্য সেখানকার কর্মকর্তাদেরও আন্তরিক হতে হবে।

মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
[email protected]

আরও পড়ুন

×