ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমকালীন প্রসঙ্গ

ব্রাহ্মণবাড়িয়া ‘বনলতা এক্সপ্রেস’ বন্ধের বার্তা 

ব্রাহ্মণবাড়িয়া ‘বনলতা এক্সপ্রেস’ বন্ধের বার্তা 
×

ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আলমগীর শাহরিয়ার

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৫:৩১

বাংলাদেশে কওমী মাদ্রাসা অধ‍্যুষিত একটি জনপদ ব্রাহ্মণবাড়িয়া। সেখানে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বাধার মুখে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ নামে একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেছে। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি চলতি বছরের ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মুক্তি পায় এবং ঈদ-উল-আজহায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি সিনেমাটি স্থানীয়ভাবে প্রদর্শনীর প্রস্তুতি নেয়। 

অন্তর্বর্তী সরকারের আমলে ‘মব’ সমাজে বিস্তার লাভ করেছিল। তা তাহলে এখনও চলমান? দেশে বর্তমানে একটি নির্বাচিত সরকার আছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ও প্রশাসন সক্রিয়। কদিন আগে খোদ প্রধানমন্ত্রী তাঁর বই পড়ুয়া ও সংস্কৃতিমনস্ক কন্যাসহ সপরিবারে হলে বসে সিনেমাও দেখে এসেছেন। তবু সরকার কেন সিনেমা প্রদর্শনী বন্ধে নির্বিকার? এমনিতেই সারাদেশে শত শত সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সেগুলো ভেঙে মার্কেট ও ভবন গড়ে উঠেছে। বেশিরভাগ খেলার মাঠগুলো বেদখল হয়ে গেছে। আমাদের শিশু কিশোরদের সবুজ শৈশব ঘরবন্দী ও ডিভাইস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বড়দের সুস্থ বিনোদনের পরিসর প্রায় নাই হয়ে যাচ্ছে। সমাজে সাংস্কৃতিক বন্ধ্যাত্ব চরমে। সিনেমা মানুষের বিনোদনের একটি বড় মাধ্যম। সেই সিনেমা প্রদর্শনীতেও বাধা!

প্রসঙ্গত, ভাষাসংগ্রামী অলি আহাদের কন্যা রুমিন ফারহানা সেই ব্রাহ্মণবাড়িয়ায় কওমির অন্যতম শীর্ষ নেতা, বিএনপি জোট সমর্থিত মাওলানা জুনায়েদ আল হাবিবের খেজুর গাছ প্রতীককে হারিয়ে এই ভাটির জনপদের জলেভাসা হাঁস প্রতীকে নির্বাচন করে প্রায় চল্লিশ হাজার ভোটের ব্যবধানে এমপি হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া কবি আল মাহমুদ যেমনটা লিখেছিলেন “কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার”—কবির রচিত কবিতার সেই জনপদে রুমিন ফারহানারও বিজয় ছিল খুবই তাৎপর্যমণ্ডিত। ব‍্যক্তি বিশেষের নয় এই বিজয় ছিল একটি জনপদের ধর্মনিরপেক্ষ সাধারণ মানুষের বিজয়। 

রুমিন ফারহানার রক্তে ও অস্তিত্বে প্রগতিশীল রাজনীতির বীজ রোপিত। তিনি স্বতন্ত্র একজন এমপি হিসেবে ‘বনলতা এক্সপ্রেস’ নামে সিনেমাটি প্রদর্শনীর পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদী মানববন্ধনে অংশ নিয়েছেন। তিনি এই ঝুঁকি নিয়েছেন এবং যথারীতি তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছে। তবে পাত্তা পায়নি তারা। তাঁর এই সাহসের তারিফ করতে হয়। এই ব্রাহ্মণবাড়িয়া সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, লেখক অদ্বৈত মল্লবর্মণ, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত, বিপ্লবী উল্লাসকর দত্ত, আবদুল কুদ্দুস মাখনসহ আরও কীর্তিমানের জন্মস্থান। সেই ব্রাহ্মণবাড়িয়া সুজলা-সুফলা-সহজিয়া পির-ফকির, আউল বাউলের মরমিয়া বাংলা হয়ে থাকুক। ‘বনলতা এক্সপ্রেস’—প্রদর্শনী হোক, সারাদেশে সকল সিনেমা হলে সগৌরবে চলুক। ঠুনকো অজুহাতে ধর্মীয় আবেগ-অনুভূতির দোহাই দিয়ে সাংস্কৃতিক কার্যক্রম, আনন্দ, উৎসব বন্ধের অপতৎপরতা কঠোরভাবে রুখতে হবে। 

আলমগীর শাহরিয়ার: যুক্তরাজ্য প্রবাসী কবি ও গবেষক
[email protected]

আরও পড়ুন

×