ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জন্মদিন

মাটির মানুষ

মাটির মানুষ
×

শাইখ সিরাজ

রেজানুর রহমান

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৬

চিঠির স্তূপ থেকে মাথা তুলে তাকালেন তিনি। আমাকে দেখেই বললেন, মাত্র দুদিনে চিঠিগুলো জমা হয়েছে। কষ্ট হলেও প্রতিটি চিঠি আমি পড়ি। কাঁচা হাতে লেখা কৃষকদের চিঠি। জমির ফসলে পোকার আক্রমণ কীভাবে দূর করা যাবে– এমন অনেক প্রশ্নের পাশাপাশি শাইখ সিরাজের কাজের প্রশংসা করে চিঠিগুলো লেখা। শাইখ সিরাজ বললেন, এরই নাম ভালোবাসা। এই ভালোবাসার টানে কৃষি ও কৃষকদের জন্য লড়াই করছি।

নাটক, সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান মূলত টেলিভিশন মাধ্যমে সহজে জনপ্রিয়তা পায়। সেখানে কৃষি ও কৃষকদের নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানকে তুমুল জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত করা চাট্টিখানি ব্যাপার নয়। কৃষক তো এক অর্থে চাষাভুষা। কৃষি তো একেবারেই নীরস প্রসঙ্গ। সেই কৃষি ও কৃষককে নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানকে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয় ও আলোচিত করে তুলে শাইখ সিরাজ টেলিভিশন মাধ্যমে বিস্ময়ের সৃষ্টি করেছেন। আশির দশকের কথা। আমি তখন সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছি। মুহসীন হলে থাকতাম। প্রায়ই দেখতাম বাংলাদেশ টেলিভিশনের একটি নীরস অনুষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ। ঘটনা কী? কৌতূহলী হয়ে আমিও অনুষ্ঠানটি দেখতে শুরু করলাম। আমার দেখা প্রথম অনুষ্ঠানটি বিস্ময় ছড়াল। গান নেই, নাচ নেই, কৌতুক নেই। নাটক নয়, সিনেমা নয়, প্রান্তিক কৃষি ও কৃষকদের নিয়ে একটি অনুষ্ঠান। সাদামাটা একটি শার্ট পরে উপস্থাপক কথা বলছেন। তাঁর কথা যত শুনি ততই মুগ্ধ হই। একদিন তিনি কাজি পেয়ারার কথা বললেন। আরেক দিন ধানক্ষেতে কৈ মাছ চাষের সচিত্র প্রতিবেদন দেখালেন। এমন আরও কত বিস্ময়কর প্রতিবেদন! কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমানের উন্নতির কথা এমন মায়া ছড়িয়ে কেউ বলতে পারে– এই প্রথম দেখলাম। অনুষ্ঠানটি জনপ্রিয়তার তুঙ্গে, এমন একদিন বিটিভিতে অনুষ্ঠানটি বন্ধ হয়ে গেল। সেদিন বেশ অবাক হয়েছিলাম।

সৎ প্রচেষ্টাকে কোনো ষড়যন্ত্রই দমিয়ে রাখতে পারে না। মাটি ও মানুষ অনুষ্ঠানকে দমিয়ে রাখা গেল না। বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন মাধ্যম চ্যানেল আইয়ের যাত্রা শুরু হলো। নতুন উদ্যোগে শুরু হলো মাটি ও মানুষ অনুষ্ঠান। তবে নামের সঙ্গে যুক্ত হলো ‘হৃদয়’। হৃদয়ে মাটি ও মানুষ। চ্যানেল আইয়ের মূল স্লোগান হৃদয়ে বাংলাদেশের সঙ্গে মিল রেখে অনুষ্ঠানটির নাম রাখা হলো ‘হৃদয়ে মাটি ও মানুষ’। এবার অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও বিকশিত ভাবনায় আরও রঙিন ও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। অনুষ্ঠান ঘিরে অনেক শাখা-প্রশাখা জন্ম নিল। যেমন কৃষি বাজেট, কৃষকের বাজেট, কৃষকের ঈদ আনন্দ, কিশোর ও তরুণদের কৃষির প্রতি আগ্রহ সৃষ্টি করতে ‘ফিরে চল মাটির টানে’, ছাদ কৃষিসহ আরও কত শাখা-প্রশাখা! কেউ কি কখনও কল্পনা করেছিল, এ দেশের প্রান্তিক পর্যায়ের কৃষক সরকারের নীতিনির্ধারকদের প্রশ্ন করবে? একজন মন্ত্রী প্রকাশ্যে একজন প্রান্তিক পর্যায়ের কৃষকের প্রশ্নের জবাব দেবেন– এমনটা কি কেউ ভেবেছিল?

শাইখ সিরাজ এই পরিবর্তনের নায়ক। শহরে বেড়ে ওঠা কিশোর ও তরুণ অনেকে কৃষি ও কৃষকদের ব্যাপারে তেমন জ্ঞান রাখে না। এই ভাবনার আলোকে শাইখ সিরাজ ‘ফিরে চল মাটির টানে’ কর্মসূচির আওতায় কিশোর ও তরুণদের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে যুক্ত করেছেন। তাঁর এ উদ্যোগ বেশ প্রশংসা পেয়েছে।

ছাদ কৃষি; হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের ব্যাপক আলোচিত সংস্করণ। শাইখ সিরাজের দেখানো পথে এখন কি শহর কি গ্রাম; সর্বত্র ছাদ কৃষি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এতদিন যে বাড়ির ছাদ ছিল খোলা ময়দান, এখন সে বাড়ির ছাদে সবুজের সমারোহ।

আজ মাটির মানুষ শাইখ সিরাজের শুভ জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা।

রেজানুর রহমান: কথাসাহিত্যিক, নাট্যকার, সম্পাদক, আনন্দ আলো

আরও পড়ুন

×