সমকালীন প্রসঙ্গ
সাইপ্রাসে উচ্চশিক্ষা: প্রতারণা থেকে মেধাবীদের সুরক্ষা দিন
সম্রাট এম.এ. সুফিয়ান
সম্রাট এম.এ. সুফিয়ান
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ১৮:৪১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ১৯:৩৬
‘শিক্ষা হলো পৃথিবীকে পরিবর্তন করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার’– নেলসন ম্যান্ডেলার এ বক্তব্য শিক্ষার প্রকৃত তাৎপর্য তুলে ধরে। একটা দেশ কত উন্নত, তা নির্ভর করে তার শিক্ষাব্যবস্থা যতটুকু উন্নত। পৃথিবীতে এ রকম কোনো দেশ পাওয়া যাবে না, যার শিক্ষাব্যবস্থা উন্নত কিন্তু দেশ উন্নত না। দেশের সার্বিক উন্নয়ন তার শিক্ষার উন্নয়নের ওপরই নির্ভর করে। বাংলাদেশের তরুণদের জন্য বিদেশে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ তাই শুধু ব্যক্তিগত সাফল্যের বিষয় নয়; এটি জাতীয় মানবসম্পদ উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেই স্বপ্ন যদি প্রতারণা, জাল কাগজপত্র কিংবা মানব পাচারের ঝুঁকিতে পড়ে, তবে তা শিক্ষার্থী, পরিবার ও রাষ্ট্র– সবার জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা গ্রহণ ও উন্নত জীবনের আশায় পাড়ি জমায়। অপেক্ষাকৃত কম খরচ এবং ভিসা প্রসেস সহজ হওয়ায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের প্রবেশদ্বার খ্যাত সাইপ্রাস সম্প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। তথ্য অনুযায়ী, প্রতিবছর সাইপ্রাসের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় বিশ্বের প্রায় ৩০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হন; যার একটি উল্লেখযোগ্য অংশ আমাদের দেশের শিক্ষার্থী। গত এক বছরে বাংলাদেশ থেকে কয়েক হাজার শিক্ষার্থী সাইপ্রাসে গেলেও ১০২ জন শিক্ষার্থী বিভিন্ন রকম প্রতারণার ফাঁদে পড়ে বাংলাদেশে ফিরে এসেছেন। একশ্রেণির অসাধু চক্রের ধোঁকার কারণে অনেক তরুণ যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি তারা তাদের জীবনের ঝুঁকিসহ অনেক সময় মানব পাচারের মতো বিপজ্জনক অপরাধের শিকারে পরিণত হচ্ছেন।
বাংলাদেশে সাইপ্রাসের কোনো দূতাবাস না থাকায় ২০২৪ সালের ডিসেম্বরে সরকারের প্রচেষ্টায় ভিসার জন্য সশরীরে সাক্ষাৎকারের বাধ্যবাধকতা শিথিল করা হয় এবং স্টিকারযুক্ত ভিসার পরিবর্তে এন্ট্রি পারমিট বা ব্লু পেপারের মাধ্যমে বাংলাদেশিদের সাইপ্রাসে প্রবেশের সুযোগ তৈরি হয়। এ ক্ষেত্রে ব্লু পেপারের সত্যতা যাচাইয়ের জন্য কেন্দ্রীয় কোনো ডিজিটাল রিয়েল টাইম অনলাইন স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল না থাকায় বিভিন্ন অসাধুচক্র এবং মানব পাচারকারীরা সুযোগটা গ্রহণ করে ছাত্রদের প্রতারিত করছে। এই পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে– ১. লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখন থেকে সাইপ্রাসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অফার লেটার ও ব্লু পেপার সংগ্রহ করবে। ২. দূতাবাস সরাসরি সাইপ্রাসের ডেপুটি মিনিস্ট্রি অব মাইগ্রেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রটেকশনের আওতায় থাকা মাইগ্রেশন ডিপার্টমেন্টের মাধ্যমে অফার লেটার, ব্লু পেপার এবং থাকার চুক্তিপত্র যাচাই করবে। ৩. যাচাইকৃত শিক্ষার্থীদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ্যে প্রকাশ করা হবে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ কেবল সেই তালিকার ভিত্তিতে এয়ারপোর্টে ইমিগ্রেশন সম্পন্ন করবে।
পদক্ষেপটি ইতিবাচক হলেও মাঠ পর্যায়ে এটি যেন দীর্ঘসূত্রতা এবং নতুন কোনো জটিলতা তৈরি না করে সেদিকে নজর দিতে হবে। বিভিন্ন জটিলতায় পড়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের এ ইতিবাচক পথটি যেন কোনোভাবেই সংকীর্ণ না হয়ে পড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের বাংলাদেশ যেন কোনোভাবেই নেগেটিভভাবে উপস্থাপিত না হয় সেদিকে খেয়াল রেখে আরও কিছু বিষয়ের ওপর দৃষ্টিপাত করা যেতে পারে।
১. শুধু ইমেইল বা মেন্যুয়াল তালিকার ওপর নির্ভর না করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন পুলিশে যৌথ উদ্যোগে একটি রিয়েল টাইম অনলাইন স্টুডেন্ট ভেরিফিকেশন পোর্টাল চালু থাকবে, যেখানে শিক্ষার্থীরা তাদের ব্লু পেপার এবং পাসপোর্ট নম্বর দিলেই মুহূর্তে ভেরিফিকেশন স্ট্যাটাস দেখতে পাবে। এতে বৈধতা বাসের ওপর কাজের চাপ কমবে এবং প্রক্রিয়াকরণ সহজ এবং দ্রুত হবে। ২. পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সাইপ্রাসের বিশ্ববিদ্যালয় ও কলেজের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগের জন্য একটি নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা যেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ভর্তি সংক্রান্ত নথি, প্রয়োজনীয় কাগজপত্রাদি ও অ্যান্টি পারমিটের তথ্য নির্ভরযোগ্য উপায়ে যাচাই করা যাবে। ৩. যাচাইয়ের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে। কোনো আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে তার কারণ এবং সমাধানের উপায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে দ্রুত জানাতে হবে। ৪. কোনো বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ এবং সহায়তা প্রদানের লক্ষ্যে একটি হট লাইন চালু থাকবে (ইমেইল, মোবাইল ও whatsapp) এবং কোনো অভিযোগের নিষ্পত্তি কোন পর্যায়ে রয়েছে সেটিও অনুসরণ করার সুযোগ থাকবে। ৫. স্টুডেন্ট কনসালট্যান্সি এজেন্সির তালিকা শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে সার্টিফাইড করা। ভুয়া বা অনিবন্ধিত এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, যাতে কোনো শিক্ষার্থী প্রতারিত না হন। এ ক্ষেত্রে ভেরিফাইড এবং সার্টিফাইড এজেন্সির তালিকা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করা। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের নামের তালিকা প্রকাশ করা।
সাইপ্রাসে গমনের আগে শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইমিগ্রেশনের শর্ত সম্পর্কে সুস্পষ্ট ধারণাসহ সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। যেমন– সাইপ্রাসে অবতরণের সময় শিক্ষার্থীদের ন্যূনতম দুই হাজার ৪০০ মার্কিন ডলার অথবা দুই হাজার ইউরো সঙ্গে রাখতে হবে; পৌঁছানোর সাত দিনের মধ্যে স্থানীয় পুলিশ ও মাইগ্রেশন বিভাগে বায়োমেট্রিক দিতে হয় এবং প্রয়োজনীয় সরকারি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়।
উচ্চশিক্ষা অর্জনে ইচ্ছুক মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ। শুধু অসাধুচক্রের জালিয়াতির কারণে বৈধ এবং প্রকৃত শিক্ষার্থীদের জন্য সাইপ্রাসের পথ বন্ধ হয়ে গেলে একটি সম্ভাবনাময় শিক্ষার বাজার এবং কাজের সুযোগ বাংলাদেশের শিক্ষার্থীর হারাবেন। প্রতারণা বা প্রতারক চক্রের কারণে যেন আমাদের এই মেধাবী তরুণরা বিদেশে গিয়ে বিপদে না পড়েন বা পাচারের শিকার না হন সেটার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যাওয়া উচিত। যেহেতু বাংলাদেশ সাইপ্রাসের সরাসরি কোনো দূতাবাস নেই তাই ঢাকাতেই একটি কার্যকর কনস্যুলার সার্ভিস সেন্টার স্থাপন করা সম্ভব হলে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন।
সম্রাট এম.এ. সুফিয়ান: সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক
- বিষয় :
- উচ্চশিক্ষা
- প্রতারণা