ব্যবস্থাপনা
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে সরকারের অনীহা কেন
সামছুর রহমান আদিল
সামছুর রহমান আদিল
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১০:৫০
ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের অসহায়ত্ব নতুন নয়। প্রতিবছর বাড়ি ভাড়া বাড়ে। কতটা বাড়বে, কখন বাড়বে, তার কোনো নির্দিষ্ট নিয়ম অধিকাংশ ক্ষেত্রে মানা হয় না। ভাড়াটিয়ার সামনে সাধারণত দুটি পথ থাকে– বাড়তি ভাড়া মেনে নেওয়া অথবা বাসা ছেড়ে দেওয়া। কিন্তু নতুন বাসা খোঁজা, অগ্রিম বাবদ টাকা জোগাড় করা এবং বাসা বদলের খরচ বহন করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই অধিকাংশ ভাড়াটিয়া বাড়তি ভাড়া মেনে নিতে বাধ্য হন।
বিভিন্ন এলাকায় ভাড়াটিয়াদের এখন নতুন বছর থেকে মাসিক ভাড়া সর্বনিম্ন ৫০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানোর নোটিশ দেওয়া হচ্ছে। তবে কী কারণে কত টাকা ভাড়া বাড়ানো হচ্ছে, তার কোনো স্বচ্ছ হিসাব ভাড়াটিয়াদের সামনে থাকে না। বাড়ি ভাড়া বাড়লেও অধিকাংশ মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম বেড়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ মানুষের আয় বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি।
বিবিএসের ২০২৫ সালের জীবনযাত্রার মান জরিপেও দেখা গেছে, দেশের একটি পরিবারের গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা, যেখানে গড় ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। শহরাঞ্চলের ৪০ দশমিক ১৯ শতাংশ পরিবার দৈনন্দিন খরচ মেটাতে ঋণ করেছে। এমন বাস্তবতায় বাড়ি ভাড়া বৃদ্ধি আরও চাপ তৈরি করছে। ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কয়েক বছর আগের এক জরিপে দেখিয়েছিল, ঢাকার ৫৭ শতাংশ ভাড়াটিয়াকে আয়ের প্রায় অর্ধেক বাড়ি ভাড়ায় ব্যয় করতে হয়। ক্যাবের আরেক হিসাব অনুযায়ী, ২৫ বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছিল প্রায় ৩৮৮ শতাংশ। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছিল প্রায় ২০০ শতাংশ। বাড়ি ভাড়ার দীর্ঘদিনের ঊর্ধ্বগতির চিত্র বুঝতে এ তথ্যগুলো প্রাসঙ্গিক।
অবশ্য বাড়ির মালিকদেরও কিছু বাস্তব খরচ আছে। ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত, ব্যাংক ঋণ, নিরাপত্তা এবং বিভিন্ন ধরনের কর ও ফি দিতে হয় তাদের। এ জন্য ভাড়া বাড়ানোর কোনো সীমা থাকবে না– তা হতে পারে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে দেশে আইন আছে। ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বাড়িওয়ালা ইচ্ছামতো ভাড়া বাড়াতে পারেন না। কিন্তু আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ নেই। ভাড়াটিয়ারা কোথায় অভিযোগ করবেন, কীভাবে প্রতিকার পাবেন, সেটিও তাদের কাছে অস্পষ্ট।
অনেক ভাড়াটিয়ার সঙ্গে বাড়িওয়ালার লিখিত চুক্তি বা ভাড়ার রসিদ থাকে না। ফলে ভাড়া বৃদ্ধি কিংবা জামানত ফেরত না পাওয়ার ঘটনায় অভিযোগের পক্ষে প্রমাণ জোগাড় কঠিন হয়। এ সমস্যা সমাধানে ২০১০ সালের এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১ জুলাই হাইকোর্ট ছয় মাসের মধ্যে উচ্চ পর্যায়ের কমিশন গঠনের নির্দেশ দেন। কমিশনের কাজ ছিল এলাকাভিত্তিক বাড়ি ভাড়ার সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং বাড়িওয়ালা-ভাড়াটিয়ার বিরোধের কারণ চিহ্নিত করা। প্রতিটি ওয়ার্ডে ভাড়া নিয়ন্ত্রক নিয়োগের বিষয়টিও বিবেচনা করতে বলেন আদালত। কিন্তু এক দশক পেরোলেও এসব নির্দেশনা বাস্তবায়িত হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন বাড়ি ভাড়া নিয়ে ১৬ দফা নির্দেশনা দিয়েছিল। সমালোচনার মুখে কয়েক দিনের মধ্যে তা সংশোধন হয়। এরপর বিষয়টি নিয়ে আর তেমন কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বাড়ি ভাড়া নির্ধারণে সরকারি সংস্থার নিজস্ব হিসাবেও বাস্তবতার সঙ্গে বড় ব্যবধান রয়েছে। যেমন– রাজধানীর গ্রিন রোডে মূল সড়কের পাশের আবাসিক ভবনের সম্ভাব্য ভাড়া প্রতি বর্গফুট সাত থেকে আট টাকা ধরে সিটি করপোরেশন গৃহকর নির্ধারণ করে। অর্থাৎ এক হাজার বর্গফুটের একটি বাসার জন্য মাসিক সর্বোচ্চ ভাড়া ধরা হয় আট হাজার টাকা। গলির ভেতরের বাসার ক্ষেত্রে এই হিসাব পাঁচ হাজার ৫০০ থেকে ছয় হাজার ৫০০ টাকা। বাস্তবে গ্রিন রোড এলাকায় এ আয়তনের একটি বাসার ভাড়া এর কয়েক গুণ। গৃহকর নির্ধারণের জন্য ব্যবহৃত এই হিসাব বাড়ি ভাড়ার ন্যায্য হার নির্ধারণ করে না। তবে সরকারি মূল্যায়নের সঙ্গে বাস্তব বাজারদরের বড় ব্যবধানটি স্পষ্ট করে।
ঢাকায় বাড়ি ভাড়ার চাপের পেছনে শহরের জনসংখ্যা ও আবাসনের চাহিদার বিষয়টিও রয়েছে। কাজ, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন মানুষ ঢাকামুখী হচ্ছে। কিন্তু সবার জন্য সাশ্রয়ী ভাড়ার বাসা নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, ঢাকা জেলার শহরাঞ্চলের প্রায় ৭৬ শতাংশ পরিবার ভাড়া বাসায় থাকে। এর মধ্যে ১৬ শতাংশের বেশি পরিবারের অন্য কোথাও নিজস্ব বাড়িও নেই। অর্থাৎ ঢাকার বিপুলসংখ্যক পরিবারের জন্য বাড়ি ভাড়া জীবনযাপনের স্থায়ী প্রয়োজন।
বর্তমান সরকার ১৯৯১ সালের আইন সংশোধন ও দ্রুত কার্যকর করতে উদ্যোগ নিতে পারে। এ জন্য প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন, ভাড়া নিয়ন্ত্রক নিয়োগ এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিটি ভাড়ার ক্ষেত্রে লিখিত চুক্তি ও রসিদ বাধ্যতামূলক করা দরকার। এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণের জন্য একটি কমিশন গঠন করা যেতে পারে। কমিশন বাড়ির অবস্থান, আয়তন, নির্মাণমান ও আশপাশের সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে ভাড়ার যৌক্তিক সীমা নির্ধারণ করবে। একই সঙ্গে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সাশ্রয়ী ভাড়ার আবাসন তৈরিতে উদ্যোগী হতে হবে।
বাড়ি ভাড়া বড় নাগরিক সমস্যা। মানুষের আয়ের সঙ্গে ভাড়ার সামঞ্জস্য না থাকলে জীবনযাত্রার অন্যান্য প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে। তাই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের দায়িত্ব।
সামছুর রহমান আদিল: সাংবাদিক ও যোগাযোগবিদ
[email protected]
- বিষয় :
- বাড়ি ভাড়া ভাতা