নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি, সেই ‘অমীমাংসিত’ কাল থেকে ওটিটিতে
অমীমাংসিত’ ওয়েব ফিল্মে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তানজিকা ও বর্ষণ।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৪:৩৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪২
রায়হান রাফী ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। শুটিংসহ যাবতীয় কাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন নানা জটিলতায় আটকে ছিল ফিল্মটি। অবশেষে অবশেষে জট খুলতে যাচ্ছে রহস্যের। ‘অমীমাংসিত’ এর মিমাংসা হচ্ছে। আগামীকাল (১৫ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি।
কিছুদিন আগে একটি পোস্টার শেয়ার করে ফিল্মটির অভিনয়শিল্পীরা লিখেন- চেহারার আড়ালে লুকানো রহস্য এখনো প্রকাশের অপেক্ষায়। রায়হান রাফী নির্মিত আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’, আসছে ১৫ ডিসেম্বর। এমন ঘোষণার পরও সঙ্কায় ছিল ওয়েবফিল্মটি নির্ধারিত তারিখে আসবে কিনা। কিন্তু সকল জল্পনা কাটিয়ে আইস্ক্রিণ থেকৈ জানিয়ে দিল ১৫ ডিসেম্বরেই এটি মুক্তি পাবে।
বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দেশে বড় কোনো দুর্যোগ না ঘটলে কালই মুক্তি পাবে অমীমাংসিত। আশা করি দর্শকদের অপেক্ষার অবসান কালই ঘটতে চলেছে।’
চলচ্চিত্রটি মুক্তির কথা ছিল ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। টিজার প্রকাশের পর সেন্সর বোর্ড জানায়, ওটিটি কনটেন্ট হলেও মুক্তির আগে ছাড়পত্র আবশ্যক। পরপর দুই ধাপ পর্যালোচনায় গত বছরের এপ্রিলে বোর্ড চলচ্চিত্রটিকে ‘প্রদর্শনযোগ্য নয়’ ঘোষণা করে- ফলে আটকে যায় মুক্তি। সে সময় ‘অমীমাংসিত’ সিনেমাটিকে ছাড়পত্র না দেওয়ার পেছনে চারটি উল্লেখযোগ্য কারণের কথা উল্লেখ করেছিল তৎকালীন সেন্সর বোর্ড।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সিনেমাটি ছাড়পত্র না দেওয়ার পেছনে যে চারটি কারণের কথা উল্লেখ করা হয়েছিল, তা হচ্ছে চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে, কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে—এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা-সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন ও চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে। এ ছাড়া সেন্সর বোর্ডের সদস্যরা আরও মতামত দেন, ‘দ্য কোড ফর সেন্সরশিপ অব ফিল্মস ইন বাংলাদেশ, ১৯৮৫ এর ১-এর I, V, VII দফায় বর্ণিত উপাদানগুলো চলচ্চিত্রটিতে বিদ্যমান থাকায় এটি জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয়। তাই বাংলাদেশ সেন্সরশিপ আইনের বিধি ১৬(৫) মোতাবেক ওই চলচ্চিত্রের সেন্সর আবেদনপত্র নির্দেশক্রমে অগ্রাহ্য করা হলো।’
রহস্যঘেরা থ্রিলারধাঁচের এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পীকে।
- বিষয় :
- ওয়েব ফিল্ম
- ওটিটি প্লাটফর্ম
