ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সিনেমা থেকে সিরিজ, এ সপ্তাহের ওটিটিতে যা থাকছে

সিনেমা থেকে সিরিজ, এ সপ্তাহের ওটিটিতে যা থাকছে
×
×

‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টারে শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত ও নাজিফা তুষি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৭:২০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৭:২৯

চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, নারীর সংগ্রাম, রহস্য-রোমাঞ্চ, ভৌতিক গল্প থেকে শুরু করে অ্যাডভেঞ্চার ও রাজনৈতিক ষড়যন্ত্র–সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।

চরকি
চরকিতে গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বাংলা ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। আরিফিন শুভ, কেয়া পায়েল ও দীপা খন্দকার অভিনীত এই ফিল্মের গল্পে উঠে এসেছে দুই ভিন্ন মানসিকতার মানুষের দাম্পত্য জীবনের টানাপোড়েন। একদিকে সহজসরল ও সৎ যুবক আনিস, অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে পরিবেশে বেড়ে ওঠা অনামিকা। পারিবারিকভাবে বিয়ের পর তাদের মতানৈক্য কীভাবে প্রকট হয়ে ওঠে, তা নিয়েই এগিয়েছে কাহিনি।

হইচই
হইচইয়ে গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘প্রেশার কুকার’। শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী অভিনীত ছবিতে ঢাকা শহরের ভিন্ন পেশার চার নারীর অদৃশ্য লড়াই, না বলা কষ্ট এবং সামাজিক দ্বন্দ্বের বাস্তবতা তুলে ধরা হয়েছে। একই প্ল্যাটফর্মে আজ ১০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বিজয়নগরের হীরে’। প্রসেনজিৎ, চিরঞ্জিত চক্রবর্তী ও আরিয়ান ভৌমিক অভিনীত সিনেমাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত। এবার কাকাবাবু, সন্তু ও জোজোর অভিযান হাম্পিতে, বিজয়নগর সাম্রাজ্যের একটি মূল্যবান পাথরের সন্ধানে।

নেটফ্লিক্স
নেটফ্লিক্সে গতকাল ৯ অক্টোবর মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘অ্যানিমেলস’। বেন অ্যাফ্লেক পরিচালিত ও অভিনীত ছবিতে আরও রয়েছেন জিলিয়ান অ্যান্ডারসন ও কেরি ওয়াশিংটন। লস অ্যাঞ্জেলেসের মেয়র পদপ্রার্থী এক রাজনীতিবিদের ছেলে অপহৃত হলে মুক্তিপণের টাকা জোগাড় করতে গিয়ে তিনি জড়িয়ে পড়েন ষড়যন্ত্রের জালে। একই দিনে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘রিপোর্টিং লাইভ’। পরিণীতি চোপড়া, দেবেন ভোজানি অভিনীত ছবিতে অবৈধ বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে সত্য তুলে ধরতে গিয়ে এক  সাংবাদিক ও তাঁর ক্যামেরাম্যানের অভিজ্ঞতার গল্প উঠে এসেছে।

প্রাইম ভিডিও
প্রাইম ভিডিওতে গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘ক্যারি’। স্টিফেন কিংয়ের জনপ্রিয় ভৌতিক উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির কেন্দ্রে রয়েছে অলৌকিক ক্ষমতাসম্পন্ন এক কিশোরী।

অ্যাপল টিভি
গতকাল ৯ অক্টোবর মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘ম্যাচবক্স দ্য মুভি’। জন সিনা, জেসিকা বিয়েল অভিনীত ছবিতে আন্ডারকভার সিআইএ এজেন্ট শন নিজ শহরে ফিরে অস্ত্র চুরির মিথ্যা অভিযোগে ফেঁসে যায়। এগিয়ে যায় গল্প।

আরও পড়ুন

×