ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে নিয়ন্ত্রণমূলক অবস্থা চলছে: মির্জা ফখরুল

দেশে নিয়ন্ত্রণমূলক অবস্থা চলছে: মির্জা ফখরুল
×

জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে (একাংশ) ও ডিইউজে (একাংশ) আয়োজিত ইফতার মাহফিল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ০৯:৪০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ১০:৫৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে পুরোপুরি নিয়ন্ত্রণমূলক অবস্থা বিরাজ করছে। গণমাধ্যম কর্মী সুরক্ষা আইন-২০২২ পাস হলে কোনোভাবেই বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। সরকারের বিরুদ্ধে কেউ যেন কোনোভাবেই কোনো কথা বলতে না পারে; গণতন্ত্রের পথে, জনগণের পক্ষে যাতে কেউ কথা বলতে না পারে- তা এই আইনে রাখা হয়েছে।

রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ) আয়োজিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, সাংবাদিকরা ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে নিজেদের স্বার্থ রক্ষার জন্য, গণমাধ্যমের স্বার্থ রক্ষার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য, ফ্রিডম অব প্রেস রক্ষার জন্য সবাই একতাবদ্ধ হয়ে লড়াই করুন। তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের বাকস্বাধীনতা নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। এসব বিষয় ফিরে পেতে মুক্তিযুদ্ধের চেতনায় আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় বিএফইউজের পক্ষ থেকে সদ্য কারামুক্ত সাংবাদিক রুহুল আমিন গাজীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

বিএফইউজের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ও ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর এটিএম মাসুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন, সাংবাদিক রুহুল আমিন গাজী, নুরুল আমিন রোকন, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, আবদুল হাই শিকদার, মোস্তফা কামাল মজুমদার, মুন্সি আবদুল মান্নান, বাকের হোসাইন, শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×