ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী জেলা আ'লীগ সভাপতি-সম্পাদককে ফের ঢাকায় তলব

রাজশাহী জেলা আ'লীগ সভাপতি-সম্পাদককে ফের ঢাকায় তলব
×

ওমর ফারুক চৌধুরী ও আসাদুজ্জামান আসাদ। ছবি: সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ | ১০:৩৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ | ১১:১৮

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে ফের ঢাকায় তলব করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

প্রকাশ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব ও একে অন্যকে দোষারোপ করে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জেরে তাদের তলব করা হয়। এর আগে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাদের তলব করা হয়েছিল।

রোববার রাজশাহী শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সমাবেশে রাজশাহী বিভাগের আটটি জেলার আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদকরা বক্তব্য দেওয়ার সুযোগ পেলেও ওমর ফারুক ও আসাদকে বক্তব্য দিতে দেননি কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাহাঙ্গীর কবির নানক বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে রোববারের সমাবেশে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। তাদের ঝগড়া-বিবাদের সমাধান সূত্র বের করতে আগামী ৫ নভেম্বর রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে জেলা কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করা হবে বলেও তিনি জানান।

এর আগে গত ৬ জুলাই শহীদ কামারুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক সভায় বক্তৃতাকালে ওমর ফারুককে রাজাকারের সন্তান বলে সম্বোধন করেন আসাদুজ্জামান আসাদ।

ওই সময় তিনি বলেন, রাজাকারের সন্তান ওমর ফারুক আমার নামে কেন্দ্রে নালিশ করেছে। তার মতো নেতারা দলে থাকলে দেশে আবার '৭৫ হতে দেরি হবে না।

ওমর ফারুক ছাত্র অবস্থায় ফ্রিডম পার্টির নেতা ছিলেন বলেও সে সময় দাবি করেন আসাদ। এর পর থেকে ফের প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয় তাদের। ফারুক চৌধুরী এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশও করেন।

আরও পড়ুন

×