ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দুই উপজেলায় ভোটের নামে জালিয়াতি হয়েছে: রিজভী

দুই উপজেলায় ভোটের নামে জালিয়াতি হয়েছে: রিজভী
×

রুহুল কবির রিজভী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৭:৫৯

চট্টগ্রামের সাতকানিয়া ও ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর এজেন্টদের মারধর, ভোটারদের বাধা দেওয়া ও জালিয়াতির অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, মহেশপুর ও সাতকানিয়াতে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। মহেশপুরের প্রত্যেকটি কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। রাস্তার মোড়ে মোড়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ক্যাডাররা ভীতিকর পরিস্থিতি তৈরি করে। সাতকানিয়াতেও একই অবস্থা তৈরি করে ভোট জালিয়াতি করা হয়। ওই দুই উপজেলায় পুলিশও ভোটারদের বের করে দিয়েছে। স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে অবহিত করলে তারা 'দেখছি বলে' নীরব দর্শকের ভূমিকায় ছিল।

ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, ভোটার তালিকাতে জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে। বিগত নির্বাচনগুলোতে যেসব ভোটার জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়েছেন এবার ভোটার তালিকায় তাদের মৃত দেখানো হয়েছে।

ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছে, মারামারি-দলাদলিকে যারা উৎসাহিত করেছে, ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠা বিস্তারে যারা মদদ দিয়েছে তারাই প্রকৃত ছাত্র রাজনীতিকে মানুষের চোখে হেয় করেছে। তারাই এখন সমগ্র ছাত্র রাজনীতিকে বন্ধ করে দিতে চাচ্ছে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আমিনুল ইসলাম, কাজী রফিক ও আবদুল খালেক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×