লুট করতেই জবির ভিসি যুবলীগের দায়িত্ব চান: মোশাররফ
ড. খন্দকার মোশাররফ - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৭:৫৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমান যুবলীগের দায়িত্ব পেতে চান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ বলেন, সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? যুবলীগের দায়িত্বে গেলে ক্যাসিনো চালানো যায়, যুবলীগের দায়িত্বে গেলেই টেন্ডার, যুবলীগের দায়িত্বে গেলে হাজার হাজার কোটি টাকা লুট করার ব্যবস্থা আছে। ভাইস চ্যান্সেলর হিসেবে হয়তো সেটা নাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাবি ভিসি ছাত্রলীগ নেতাদের ঈদের বখশিশ দিয়েছেন ১ কোটি ৮০ লাখ টাকা। যে ভাইস চ্যান্সেলর ঈদের সালামি দেন ১ কোটি ৮০ লাখ টাকা, তাহলে তিনি কি করছেন? উনার কাছে কি টাকার গাছ আছে, না টাকা বানানোর মেশিন আছে?
দুর্নীতির জন্য সরকারকে দায়ী করে খন্দকার মোশাররফ বলেন, এই সরকার জনগণের সরকার নয় বলে সর্বস্তরে আজ পচন ধরেছে। জবাবদিহিতার অভাবে এমন অবস্থা হয়েছে যে, শুধু খালেদা জিয়াকে একা কারাগারে রাখে নাই, কারাগারে বন্দি করেছে এদেশের গণতন্ত্রকে।
সংগঠনের সভাপতি তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নবী উল্লাহ নবী ও ফরিদউদ্দিন প্রমুখ।
- বিষয় :
- বিএনপি
- জবি
- ড. মীজানুর রহমান
- খন্দকার মোশাররফ