দেশে কোনো গণতান্ত্রিক স্পেস নেই: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ১৫:৫৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ১৬:০৮
দেশে এখন কোনো গণতান্ত্রিক স্পেস নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে আইনের শাসন নেই। রাজনীতি করার কোনো সুযোগ নেই। জনগণের ভোটের অধিকার নেই। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে লড়াই-সংগ্রাম করছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ রোববার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়েজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
নেতৃত্ব উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা প্রাতিষ্ঠানিকীকরণের জন্য নেতা-কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষে গত বছর আগস্টে বিএনপি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে দুই বছরমেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আলোকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ে কৌশলগত ও কর্মপরিকল্পনা গ্রহণে একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। সে লক্ষে এই কর্মশালাটি আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সকালে উদ্বোধনী অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম এবং বিকেলে সমাপনী অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বক্তব্য দেন।
কর্মশালায় মির্জা ফখরুল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্দেশে বলেন, আপনারা সারাবিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করছেন। এর অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। সেই প্রশিক্ষণের ফলে যা অর্জন করছি- সেটা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে পারব না, যতক্ষণ পর্যন্ত না দেশে গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশ থাকে।
তিনি বলেন, অর্জিত প্রশিক্ষণ বাস্তবায়ন করতে হলে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা চিহ্নিত করে আমাদের বক্তব্যে, কর্মসূচিতে আনতে হবে। কিন্তু জনগণের কাছে যাওয়ার যে প্রক্রিয়া সেটাই এখানে অনুপস্থিত। সভা-সমাবেশ করতে দেওয়া হয় না, কর্মীসভা করতে দেওয়া হয় না, কর্মসূচি করতে গেলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। বিএনপিকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য যা যা করা দরকার, সরকার তার সবই করছে। তারপরও চেষ্টা করছি সাধারণ মানুষের সঙ্গে থাকার জন্য, তাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য। নানা প্রতিকূলতা সত্ত্বেও সেটা আমরা করছি।
কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরীন, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু ও শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন ও শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
