পুলিশের বাধায় পণ্ড গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৩:০৬ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১৩:২৪
বিদ্যুতের লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে সচিবালয়সংলগ্ন আবদুল গণি রোডের জিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন।
এদিকে আগামী ১৯ থেকে ২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করছে গণতন্ত্র মঞ্চ।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১১টা থেকে সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হন। দুপুর ১২টার দিকে সংগঠনটি সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
আবদুর রব বলেন, দেশের অর্থনীতি, রাজনীতি, মানবাধিকার, সুশাসন কিছুই নাই। সরকারি দলের মন্ত্রীরা এমন কথা বলছে তাতে বোঝা যায় তাদের অবস্থা নড়বড়ে, পায়ের নিচে মাটি নাই।
মাহমুদুর রহমান মান্না বলেন, সারা দুনিয়া বলছে, বাংলাদেশে একটা ভোট ডাকাত সরকার ক্ষমতা দখল করে আছে। তিনি আরও বলেন, নভেম্বর ইজ দ্যা কাটিং টাইম, ডিসেম্বর ইজ দ্যা কাটিং টাইম। এর মধ্যে সরকারের কাটাকাটি শেষ করতে হবে। এ বছর যত মুদ্রা ঘাটতি দেখা গেছে তা গত কয়েক বছরে হয়নি। এ সরকারের কাছে বাংলাদেশের জনগণ বিদ্যুৎ পাবে না, নিরাপত্তা পাবে না, ভোট দিতে পারবে না। সরকারের যাওয়ার সময় হয়ে গেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি ১৯ থেকে ২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচীর ঘোষণা দেন।
সমাবেশ শেষে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোতে শুরু করে আন্দোলনকারীরা। প্রেসক্লাব থেকে পুরনো পল্টন মোড় হয়ে মিছিলটি আবদুল গণি রোডের জিরো পয়েন্ট মোড়ে পৌঁছলে পুলিশি বাঁধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে কাঁটাতারের আঘাতে ও হাতাহাতিতে দুই পক্ষের কয়েকজন আহত হন।
পুলিশের বাধার মুখে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন নেতারা। এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ঈদের পর এই সরকার আরেকটি ঈদ দেখতে পাবে না। তার আগেই এই সরকারকে বাংলাদেশের মানুষ বিদায় দেবে।
ঘটনাস্থলে থাকা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বলেন, সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় চাইলেই কেউ বিক্ষোভ মিছিল নিয়ে যেতে পারে না। পুলিশ তার দায়িত্ব পালন করেছে।
এদিকে জিরো পয়েন্ট মোড় থেকে ফিরে জাতীয় প্রেসক্লাবের সামনে ফের বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, পুলিশের মারমুখী আচরণে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, সরকার পুলিশ-প্রশাসনকে এবং বিদেশি শক্তিকে নানাভাবে খুশি করার চেষ্টা করে টিকে থাকতে চাইছে। তিনি আরও বলেন, ঘরে ঘরে এখন বিদ্যুৎ দেখতে পাচ্ছি না। লুট করে সব টাকা বিদেশে পাচার করার ফলে সরকারের হাতে এখন জ্বালানি কেনার ডলার নেই।
কর্মসূচিতে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
