ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঢাকা-১৭ আসনে ‘তামাশার নির্বাচন’ চলছে: আহমেদ আজম

ঢাকা-১৭ আসনে ‘তামাশার নির্বাচন’ চলছে: আহমেদ আজম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ০৭:২২ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ০৭:২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ‘তামাশার নির্বাচন’ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

তিনি বলেছেন, ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলছেন-ভোট দিলেও আমি এমপি, না দিলেও এমপি। জনগণ এ ধরনের তামাশার নির্বাচন চায় না। তারা নিজেরা ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে চায়। এজন্য বিএনপি আন্দোলন করছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক দফা বাস্তবায়নের দাবিতে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পদযাত্রায় হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

আহমেদ আজম খান বলেন, সরকার আবারও একটি তামাশার নির্বাচন করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সরকারকে বলবো, মানে মানে পদত্যাগ করুন। নইলে জনগণ তামাশার নির্বাচন প্রতিহত করবে। আন্দোলনের জোয়ারে আপনারা ভেসে যাবেন, পালাবার পথ খুঁজে পাবেন না।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। গণতান্ত্রিক বিশ্বও বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

ক্ষমতাসীনদের উদ্দেশে যুগপৎ আন্দোলনের শরিক দল এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের বলেন, আপনাদের হাতে সময় বেশি নেই। অতি দ্রুত পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। নইলে জনগণই আপনাদের পদত্যাগে বাধ্য করবে।

কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এবং আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) সাদ্দাম হোসেন, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের আনম খলিলুর রহমান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

আরও পড়ুন

×