বিএনএফের প্রেসিডেন্ট আজাদ, মারুফ মহাসচিব পুনঃনির্বাচিত
বিএনএফের সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৬:১২ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৬:১২
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট পদে সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ এবং মহাসচিব পদে ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ পুনঃনির্বাচিত হয়েছেন।
সোমবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে বিএনএফর চতুর্থ জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাঁরা নির্বাচিত হন। বিএনএফের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান খান নাজিম, এ ওয়াই এম কামরুল ইসলাম, মমতাজ সুলতানা আহমেদ, অ্যাডভোকেট এস এম ইসলাম, শফিউল্লাহ চৌধুরী, নুরুল ইসলাম জেন্টু, সাইফুল ইসলাম, সৈয়দ মাহবুব আজাদ, রিয়াদুল আহসান চৌধুরী, সজিব কায়সার মিথুন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বিএনএফ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে। নির্বাচনকালে একটি নির্বাচনকালীন সরকার থাকবে। সংবিধান অনুযায়ী সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধের পক্ষশক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেখানে বিএনএফকে ডাকা হলে সেই সরকারকে সহযোগিতা করার জন্য সাড়া দেবে তারা। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্য যেকোনো অনির্বাচিত সরকারকে মেনে নেওয়া হবে না।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বিএনএফের প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল পদে নির্বাচন হয়। ৪৬টি জেলা থেকে শতাধিক কাউন্সিলর ও ডেলিগেটস কাউন্সিলে যোগ দেন।
- বিষয় :
- আবুল কালাম আজাদ
- বিএনএফ
- নির্বাচন
