নুরের বাসায় পুলিশের অভিযান নিয়ে যা বললেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১২:১০ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১২:১০
যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় রাতে পুলিশের অভিযান এবং এক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ ঘটনায় আবারও প্রমাণ পেল— দেশ থেকে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে। ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক মূলনীতির তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে।’
বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ভোটারবিহীন এ সরকার বিশ্বে উগ্র স্বৈরাচারের প্রতীকে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দেওয়া ও গ্রেপ্তার করা হচ্ছে। গায়েবি মামলায় মৃত মানুষকেও আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, জুলুম-নির্যাতনের অংশ হিসেবে গত রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে এক নেতাকে আটক করা হয়েছে। বিরোধী দলগুলোর রাজনীতি করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে বিরাজনীতিকরণ করছে।
ক্ষমতা চিরস্থায়ীকরণের স্বপ্ন সরকারের কোনোদিনই পূরণ হবে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষ আওয়ামী লীগের সব চক্রান্ত রুখে দেবে। তার প্রতিফলন ইতোমধ্যেই রাজপথে দেখা গেছে। রাজপথে বিরোধী দলের সব কর্মসূচিতে বিপুল জনসমাগম হচ্ছে। এক মুহূর্তের জন্যও এই অবৈধ শাসকগোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
