ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: বাম জোট

এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: বাম জোট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১৬:৩২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ১৬:৩৩

ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংবিধান সংশোধন করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশন বাতিলসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। এসব দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ ঘোষণা দেওয়া হয়।

বাম জোটের সমন্বয়ক ও বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, কেন্দ্রীয় নেতা নিখিল দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, কেন্দ্রীয় নেতা রুবেল শিকদার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, মানস নন্দী প্রমুখ।

সভায় প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন-২০২৩’ বাতিলের দাবিতে আগামী ২০ আগস্ট বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন

×