ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদল নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

‘ভাগ্য ভালো ট্যাঙ্ক-কামান দেখানো হয়নি’

‘ভাগ্য ভালো ট্যাঙ্ক-কামান দেখানো হয়নি’
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৪:৩৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৪:৩৭

সরকার পতনে এক দফার চলমান আন্দোলনকে ব্যাহত করতে সরকারের ইশরায় পুলিশের কারসাজিতে ছাত্রদল নেতাদের অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের তৎপরতা, সম্প্রতি গোয়েন্দা পুলিশের প্রধানের রাজনৈতিক বক্তব্য থেকে এটা স্পষ্ট, তারা আন্দোলনকে নস্যাৎ করতে এ ষড়যন্ত্র করছে। সরকার প্রধানের নির্দেশে কিছু সংখ্যক অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চাপ অব্যাহত রেখেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এটা সাজানো আরেকটি নাটক। সরকারের প্ররোচনায় গোয়েন্দা পুলিশ চাক্রান্ত করে ছাত্রদলের মেধাবী নেতাদের হাতে অস্ত্র ধরিয়ে মামলা দিয়েছে। তাদের আদালতে চালান করা হয়েছে। যেখানে ডিবি প্রধানের বক্তব্য মোহাম্মদপুর, শাহবাগ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের মতো সেখানে এর চেয়ে আর ভালো কি আশা করা যায়?’

ছাত্রদল নেতারা জানান, গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবর ও শিক্ষানবিশ আইনজীবী আরিফ বিল্লাহকে আটক করা হয়। 

তারা অভিযোগ করেন, একজন ছাত্রনেতাকে খুঁজতে গেলে কেউ অস্ত্র নিয়ে যাবেন সেটা অবিশ্বাস্য। আর কেন্দ্রীয়ভাবে এরকম রাজনীতি কিংবা আন্দোলনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শান্তিপূর্ণ আন্দোলনের জন্যই তাদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। তাই পুলিশ যেভাবে অস্ত্র উদ্ধারের কথা বলছে, সেটা নাটক ছাড়া আর কিছু নয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ভাগ্য ভালো গোয়েন্দা পুলিশ ট্যাঙ্ক, কামান উদ্ধারের কথা বলেনি। সেটা বললেও কিছু করার থাকতো না। তারা অস্ত্রের রাজনীতি করেন না। সারাদেশে ক্ষমতাসীন দলের হাতে যেভাবে অস্ত্রের ঝনঝনানি সেখানে পুলিশ নীরব। কিন্তু ছাত্রদলের মেধাবী নেতাদের বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আটক করে হাতে অস্ত্র দিয়ে সংবাদ সম্মেলন করছে, মামলা দিচ্ছে, নির্যাতন করছে। 

আরও পড়ুন

×