নির্বাচন কেউ বানচাল করতে পারবে না: কামরুল ইসলাম
কামরাঙ্গীরচরে আওয়ামী লীগের সমাবেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৯
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচন যথাসময়ে হবে। কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। তারা (বিএনপি-জামায়াত) ডিজিটাল মাধ্যমে অপ্রচার করছে, ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তারা খালেদা জিয়ার মুক্তি চায় না, তারেক জিয়ার ফর্মুলায় খালেদা জিয়াকে মাইনাস করতে চায়। যারা দেশবিরোধী কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ৫৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্রভিত্তিক ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
- বিষয় :
- কামরুল ইসলাম
- আওয়ামী লীগ
- নির্বাচন
