ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নয়াপল্টনে প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নয়াপল্টনে প্রস্তুত মঞ্চ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ০৬:২৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৬:২৬

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বুধবার দুপুরে জনসমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ শুরু হবে। এরই মধ্যে সমাবেশের মঞ্চও প্রস্তুত হয়েছে। আর ভোর থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

সরজমিনে দেখা গেছে, বুধবার ভোর থেকেই মঞ্চ নির্মাণের কার্যক্রম শুরু হয়। মঞ্চের কাজ শুরুর পর থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার মুক্তিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। 

এ দিকে বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনা করবেন উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ।

আরও পড়ুন

×