এই সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দেবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ১৩:২৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ১৩:২৬
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জবরদস্তি করে আবারও নির্বাচন করবে? এটা আর সম্ভব নয়। নীলনকশার পুলিশি নির্বাচন করবে, তা আর হবে না। শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দেবে না।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত বুধবার দলটির জনসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের আটক আর গ্রেপ্তারের চিত্র তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব দাবি করেন, গত মঙ্গলবার থেকে ঢাকাসহ সারাদেশে তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এর বাইরে ওই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে ভিসা নিয়ে প্রস্তুত আছেন। পরিস্থিতি বুঝে তারাও পালাবে। আওয়ামী লীগের পালানোর ইতিহাস অনেক আগের। সেই ধারাবাহিকতায় এবারও পালিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিএনপি
- রুহুল কবির রিজভী
- নির্বাচন
