দুই দিন কালো পতাকা মিছিল করবে এলডিপি
দলীয় পতাকা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ১৪:৫৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ | ১৫:০৪
আগামী ২৬ ও ২৭ জানুয়ারি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
আজ রোববার এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্নেল অলি আহমদ বলেন, এ দেশ আমাদের সবার, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ঐক্যবদ্ধ হোন, দেশকে বাঁচান। দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম করুন। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করুন। এ সময় তিনি সামনের দিনে দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করার ঘোষণা দেন।
- বিষয় :
- এলডিপি
- পতাকা মিছিল
