১৪ দলের চিঠির জবাব দেওয়া হবে: মেনন
জেলা কাউন্সিলে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন- সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৮:৫১ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ১০:৩৮
বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, তার ব্যাখ্যা চেয়ে ১৪ দলের পাঠানো চিঠির উত্তর দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেনন।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের জিমখানায় দলীয় কার্যালয়ে জেলা কাউন্সিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেনন একথা বলেন।
মেনন বলেন, 'ওয়ার্কার্স পার্টি ১৪ দলে ছিল, ১৪ দলে থাকবে। ভাইরাল হওয়া বক্তব্য নিয়ে জোটের সমন্বয়কের সঙ্গে কথা হয়েছে। ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছি। সেসব কথা পত্রিকায়ও প্রকাশিত হয়েছে। তারপরও পার্টির নেতাদের সঙ্গে বসে আলোচনা করে চিঠির জবাব দেওয়া হবে।'
ভাইরাল হওয়া বক্তব্য সম্পর্কে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, 'ওই বক্তৃতায় অনেক কথা আছে, যেগুলো আপনারা উল্লেখ করেননি। সেসব কথা উল্লেখ করলে এই প্রশ্নের মুখোমুখি হতে হতো না।'
প্রসঙ্গত গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, 'গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।' এ বক্তব্য নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটে তীব্র প্রতিক্রিয়া হয়। ২১ অক্টোবর রাতে মোহাম্মদ নাসিমের বাসায় ১৪ দলের জরুরি বৈঠক হয়। যদিও সেখানে মেনন অনুপস্থিত থাকেন। পরদিন ১৪ দলের গোলটেবিল বৈঠকেও যাননি তিনি। এরপর ২৪ অক্টোবর আরেকটি জরুরি বৈঠক ডেকে তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি দেয় ১৪ দল।
রাশেদ খান মেননের দাবি, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রকাশ পেয়েছে। এখনও যেহেতু ১৪ দল তাকে চিঠি দেয়, তার অর্থ তারা জোটেই আছেন।
- বিষয় :
- রাশেদ খান মেনন
- নারায়ণগঞ্জ