'বাংলাদেশ এখন গণতন্ত্রহীনতারও রোল মডেল'
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৮:২৪
বিএনপিপন্থি আইনজীবীরা বলেছেন, দেশে আইনের শাসন নেই, দলীয় শাসন আছে। আইনের শাসন থাকলে বাংলাদেশের অবস্থা এমন হতো না। সরকার বলছে, উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল। তবে তারা এই কথাটা বলছেন না যে, বাংলাদেশ এখন গণতন্ত্রহীনতা ও ভোটবিহীন সরকারেরও রোল মডেল। এদেশ এখন একটি জবাবদিহিহীন সরকার ও ভোট চুরিরও রোল মডেল।
শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবী সমাবেশে তারা এসব বলেন।
সমাবেশের উদ্বোধন করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, হয় আইনের মাধ্যমে খালেদা জিয়ার জামিন হবে, অন্যথায় রাজপথের আন্দোলনে। পাকিস্তানের নওয়াজ শরিফ অসুস্থ থাকায় তাকে জামিন দেওয়া হয়েছে। তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন না দেওয়া অত্যন্ত অমানবিক।
তিনি বলেন, রাজনৈতিক প্রভাবে এক বছর ৮ মাসেও খালেদা জিয়ার জামিন হয়নি। অথচ দু'তিন সপ্তাহের বেশি তার জেলখানায় থাকার কথা ছিল না। তাই তার মুক্তির একমাত্র পথ রাজপথ।
শুদ্ধি অভিযান সম্পর্কে সাবেক মন্ত্রী মওদুদ বলেন, ২০১৯ সাল এই সরকারের জন্য মন্দভাগ্য। রাতের ভোটে ক্ষমতায় এসেছে এ সরকার। এর একটা প্রাকৃতিক বিচার তো আছে। এজন্য শুরু হয়েছে ছাত্রলীগের টেন্ডারবাজি-চাঁদাবাজি। খালেদ, শামীম, সম্রাটের মতো কতজন এই যুবলীগে এখনও আছে সেটা আন্দাজ করা যায়। উন্নয়নের রাজনীতির নামে তারা কী করেছে তা এখন তাদেরই লোকের মাধ্যমেই জাতির সামনে প্রকাশিত হচ্ছে।
ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, চিকিৎসার জন্য জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার। সঠিকভাবে আইনের প্রয়োগ হলে এটা নিয়ে এতো বক্তৃতা-বিবৃতি ও আন্দোলনের দরকার হতো না।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে ও মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজার পরিচালনায় সমাবেশে অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট এম এ রকিব, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন জেলা থেকে আসা আইনজীবীরা বক্তব্য দেন।
- বিষয় :
- আইনজীবী সমাবেশ
- বিএনপিপন্থি