আওয়ামী লীগের দোয়া মোনাজাত আজ, কাল শোক মিছিল
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ০১:৪৫ | আপডেট: ০২ আগস্ট ২০২৪ | ০১:৫২
একাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত দোয়া মোনাজাত আজ শুক্রবার। দেশের সব মসজিদে বাদ আসর এ আয়োজন করা হয়েছে। এ ছাড়া শোকের মাস আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ আগামীকাল শনিবার রাজধানীতে শোক মিছিল করবে। আজ শুক্রবার এ মিছিল হওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণের কারণে তা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শোক মিছিল শুরু হবে। পরে শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এসব কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- মিছিল
- শোকমিছিল
