চাঁদাবাজি বন্ধ করতে বলায় একটি দল গালাগালি করছে: চরমোনাই পীর
জমায়েতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ২২:২৪ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ | ২২:৩০
বিএনপিকে ইঙ্গিত করে চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করেছেন, চাঁদাবাজি বন্ধ করতে বলায় একটি দল তাঁকে গালাগালি করছে। তিনি বলেন, একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। চাঁদাবাদি বন্ধ করতে বললে যদি গালাগালি করে, তাহলে তাদের চরিত্র কতটা নোংরা হয়েছে, তা অনুমেয়।
শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব জমায়েতে রেজাউল করীম এসব কথা বলেন।
ভোটের অনুপাতে (পিআর) নির্বাচনের দাবি তোলায় ইসলামী আন্দোলনের সমালোচনা করছে বিএনপি। চরমোনাই পীর আওয়ামী লীগ আমলে সমঝোতা করে চলেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যদিও গত জানুয়ারিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলনের কার্যালয়ে আমিরের সঙ্গে বৈঠকে ১০ দফায় সই করেছিলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে রেজাউল করীম বলেন, একটি দলের জ্যেষ্ঠ নেতারা আমাকে ব্যঙ্গ-বিদ্রূপ করছেন, যা তাদের প্রতিহিংসা। আমরা কোনো দিন মানুষের স্বার্থবিরোধী কাজ করিনি, সম্ভবত এটাই আদর্শবিবর্জিত দলগুলোর ভয়ের কারণ।
যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ঐকমত্য কমিশন পিআর পদ্ধতির বিকল্প চাপিয়ে দিতে চাইলে, তা ব্যর্থ হবে।
ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি, নিজেদের চরিত্রের সংস্কার করতে ব্যর্থ হয়েছে। লন্ডন থেকে হুকুম দিয়ে, বহিষ্কার করেও চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন।
এ ছাড়া ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমাদসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।
নির্বাচনী ঐক্যে চার দলের বৈঠক
এর আগে সকালে ইসলামী আন্দোলনের কার্যালয়ে নির্বাচনী ঐক্য গড়তে বৈঠক করেছেন চারটি দলের শীর্ষ নেতারা। তারা হলেন– চরমোনাই পীর, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী ও মহাসচিব মুসা বিন ইজহার। বৈঠকে সিদ্ধান্ত হয়, ইসলামীপন্থি দলগুলো আগামী নির্বাচনে একক প্রার্থী দেবে।
- বিষয় :
- চরমোনাইয়ের পীর
