ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাশেদ খান মেননের মুক্তি চায় ওয়ার্কার্স পার্টি

রাশেদ খান মেননের মুক্তি চায় ওয়ার্কার্স পার্টি
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ০০:০৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি। নেতারা বলেছেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ২১ আগস্ট রাশেদ খান মেননকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে শতাধিক হয়রানিমূলক মামলা দিয়ে কারান্তরীণ রাখা হয়েছে তাঁকে। এটা এই রাজনীতিকের মানবাধিকার লঙ্ঘন করছে।

গতকাল রোববার রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ৩৩ বছর পূর্তি উপলক্ষে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। দলের ঢাকা মহানগর আহ্বায়ক কিশোর রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা মিনহাজউদ্দিন সেলিম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, তৌহিদুর রহমান, মুর্শিদা আখতার নাহার, শাহানা ফেরদৌসি লাকী প্রমুখ।

১৯৯২ সালে ১৭ আগস্ট সন্ধ্যায় তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিক্রিয়াশীল শক্তি ওয়ার্কার্স পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করে। দেশ-বিদেশে চিকিৎসার পর সুস্থ হন তিনি। 
 

আরও পড়ুন

×