অনুভূতিহীন কবি-শিল্পীরা ১৫ আগস্টে শোক জানিয়েছেন: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ | ০৪:৫৬
তথাকথিত কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পীরা অনুভূতিহীন হয়ে ১৫ আগস্টে শোক প্রকাশ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বস্তুগত প্রাপ্তির লোভেই তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্যচিত্র ‘৩৬-জুলাই-এর প্রিমিয়ার শো’তে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, অভিনয়শিল্পী ও মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষের তো সবচেয়ে সংবেদনশীল হওয়ার কথা। যারা ‘পানি লাগবে পানি’ বলে গুলিবিদ্ধ বন্ধুর জন্য ছুটে গিয়েছিল, সেই দৃশ্য তাদের মনকে একটুও নাড়া দিল না। অথচ তারা শোকের নামে পোস্ট দিচ্ছেন, নানা প্রশংসা করছেন। আসলে তারা তাদের সেই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলন সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ। গত ১৬ বছরের গুম, হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তরুণ সমাজে তীব্র ক্ষোভ তৈরি করেছিল, যার বিস্ফোরণ ঘটেছে জুলাইয়ে।
শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত একটি বইয়ের প্রসঙ্গে তিনি বলেন, আমিও বিশ্বাস করতাম বইটি মুজিব সাহেব নিজে লিখেছেন। পরে দেখা গেল, এক পুলিশ কর্মকর্তা ও তাঁর সহকর্মীরা দায়িত্ব পেয়ে সেটি তৈরি করেছেন। এর বিনিময়ে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা, ফ্ল্যাট ও প্লট।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রের অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে প্রায় ২৭ লাখ কোটি টাকা। জনগণের টাকাকে শেখ হাসিনা দলের ও পরিবারের স্বার্থে ব্যবহার করেছেন। সেই বঞ্চনারই বহিঃপ্রকাশ হলো জুলাই গণঅভ্যুত্থান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, আরটিভির বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক ইলিয়াস হোসেন প্রমুখ।
- বিষয় :
- রিজভী
- ১৫ আগস্ট
- কবি
- রুহুল কবির রিজভী
