জাকসুতে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে লড়বে বাগছাস
ছবি: সমকাল
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ | ২৩:১৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ | ২৩:১৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ২৫টি পদ ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে লড়বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। প্যানেলে ভিপি (সহ-সভাপতি) পদে প্রার্থী হয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল, তিনি বর্তমানে বাগছাসের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন তৌহিদ সিয়াম, তিনি সংগঠনটির সদস্য সচিব।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন নেতা-কর্মীরা।
ঘোষিত প্যানেলে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান। নারী এজিএস পদে রয়েছেন মালিহা নামলাহ।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দল, বাংলাদেশ জাতীয় ফুটসাল ফুটবল দল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল- রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণের (বাংলা-৪৮) সম্মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাগছাসের শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে ‘ক্রীড়া সম্পাদক’ পদে তারা কোনো প্রার্থী দিচ্ছেন না।
প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফারহানা বিনতে জিগার ফারিহা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মার্জিউর রহমান চৌধুরী।
এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন রাঈদ হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ফাতেমা তুহ জোহরা বৈশাখী, নাট্য সম্পাদক পদটি ফাঁকা রাখা হয়েছে, সহ-ক্রীড়া (ছেলে) পদে রি ইয়ং মোরং এবং সহ-ক্রীড়া (মেয়ে) পদে রয়েছেন সাবিকুন্নাহার। তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার পদে রয়েছেন নকিব আল মাহমুদ অর্নব।
সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে আহসান লাবিব, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে (ছেলে) কাজি মেহরাব তূর্য, সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (মেয়ে) পদে নাদিয়া রহমান অন্বেষা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে নাসিম আল তারেক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে মো: নাহিদ ইসলাম ইমন মনোনীত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, আফিয়া ইবনাত সামিহা, সাদাত ইসলাম, ত্বাসীন আহমেদ ও মোহাম্মদ আলী চিশতী।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি ও জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা পরিচিত মুখদের নিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল।
তিনি বলেন, ‘বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের নিয়ে আমরা শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে প্যানেল ঘোষণা করেছি। আমাদের প্যানেলে আদিবাসী শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকজন রয়েছেন। যারা ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন।’
- বিষয় :
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- জাকসু
- বাগছাস
