ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডাকসু নির্বাচন

গ্রেপ্তার সেই ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে

গ্রেপ্তার সেই ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে
×

ভুয়া সাংবাদিক পরিচয়ে গ্রেপ্তার জাহিদুল ইসলাম জাহিদ। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৩৪ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার ভুয়া সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়৷ এরপর শাহবাগ থানার উপপরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়৷ একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার জাহিদ সন্দেহজনক ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে। পরবর্তীতে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।

প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি নাম ঠিকানা প্রকাশ করেন। তবে ঘটনাস্থলে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে আসামি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। কিন্তু তিনি বৈধ কোনও কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলমান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর প্রবেশাধিকার বিধিনিষেধ থাকা সত্ত্বেও আসামি নির্বাচন বানচাল অথবা ধর্তব্য কোনও অপরাধ সংগঠনের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর প্রবেশ করে। আসামিকে আপাতত ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হলো। আসামির বিষয়ে অধিকতর তদন্ত চলতেছে। তদন্ত পূর্বক আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামির বিষয়ে অধিকতর তদন্ত পূর্বক পরবর্তী প্রতিবেদন প্রেরণ না করা পর্যন্ত তাকে জেল-হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

পরে আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

×