বিএনপি ক্ষমতায় আসলে কুমিল্লা বিভাগ হবে: খন্দকার মোশাররফ
ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৯:৪৯
জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, ইনশাল্লাহ।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে 'কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে' এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মোশাররফ হোসেন বলেন, কুমিল্লা তো বিভাগ করতেই হবে। প্রশাসনিক প্রয়োজনে করতে হবে। কুমিল্লা বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না।
তিনি বলেন, আমরা সকলে কুমিল্লার নাগরিক। কুমিল্লাবাসী ইতোমধ্যে অন্য কোনো নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লায় বিভাগ চাই। এই ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখা করার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। সেই লক্ষ্যে আপনারা (আয়োজকরা) একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা সমিতির ঢাকা সভাপতি এবিএম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস প্রমুখ।
- বিষয় :
- ড. খন্দকার মোশাররফ হোসেন
- কুমিল্লা
- বিভাগ
