রাজনীতিতে নতুন দল ‘পিপলস পাওয়ার পার্টি’
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:২৪
‘পিপলস পাওয়ার পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে এক অনুষ্ঠানে দলটির নাম ঘোষণা দেওয়া হয়। ‘আগ্রাসন প্রতিরোধী ও সার্বভৌমত্বের প্রহরীদের নতুন দলের আত্মপ্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সভাপতি জাবেদ আলী। প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার এস ফাহিম।
নেতারা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ও স্বাধীনতার প্রকৃত স্বার্থ রক্ষার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। বক্তারা অভিযোগ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও পার্শ্ববর্তী দেশ ভারত নানা উপায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে। সীমান্ত হত্যা, পানিবণ্টন ও প্রতিবছর বন্যায় ভাসিয়ে দেওয়ার মাধ্যমে আগ্রাসন চালিয়েছে দেশটি।
নেতাদের দাবি, ১৯৪৭ সালের পর থেকে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। বরং রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। দুর্নীতি করে প্রশাসনকে অকার্যকর করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুখ্য সংগঠক ফয়সাল আহমদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. হারুন অর রশীদ, অধ্যাপক ইমরান হোসেন খান, অধ্যাপক সুরাইয়া হোসেন, সালাহ উদ্দীন মজুমদার, মোহাম্মদ উজ্জ্বল, আহমেদ হাসান হাফিজ ও মহিউদ্দিন। এ সময় দলের ঘোষণাপত্র পাঠ করেন মেহেদী আনোয়ার পাটোয়ারী।
- বিষয় :
- জাতীয় প্রেস ক্লাব
- রাজনৈতিক দল
