নির্বাচনের আগে গণভোট চায় খেলাফত মজলিস
শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল পূর্ব সমাবেশ। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫ | ২০:২২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৫ | ২১:০৮
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট চায় বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা-মরার প্রশ্ন। আমাদের সন্তানদের রক্তের ওপর ক্ষমতার মসনদে বসে আজও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে পারেননি, লজ্জা হওয়া উচিত আপনাদের।
শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল পূর্ব সমাবেশে নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনসহ পাঁচ দাবিতে এসব কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, ৫৩ বছর ধরে একাত্তরের চেতনার নামে বাহাত্তরের ভেজাল চেতনা সরবরাহ করা হয়েছে। বাহাত্তরের সেই চেতনার বিরুদ্ধে যারা যখনই দাঁড়িয়েছে, তাদেরকেই রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে।
মামুনুল হক বলেন, মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। শেখ মুজিব বাহাত্তর সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধান তৈরির প্রেসক্রিপশন নিয়ে আসেন। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে প্রকারান্তরে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মাওলানা মামুনুল হক বলেন, জনগণ জানতে চায়—দেশ বাহাত্তরের ধারায় চলবে, নাকি বৈষম্যবিরোধী চেতনার ধারায় পরিচালিত হবে?
বিএনপির প্রতি ইঙ্গিত করে মামুনুল হক বলেন, সকল রাজনৈতিক দল যারা যার অবস্থান পরিষ্কার করুক। যারা চব্বিশের বিপক্ষে অবস্থান নেবে, তারাই বাহাত্তরের বাকশালপন্থী।
মামুনুল হক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। এর বিকল্প চিন্তার সুযোগ বাংলাদেশের মাটিতে নেই।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে সমাবেশে খেলাফতের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ বক্তৃতা করেন। উত্তরগেটে সমাবেশ শেষে গণমিছিল প্রেসক্লাব হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।
- বিষয় :
- গণভোট
- খেলাফত মজলিস
- নির্বাচন
- অন্তর্বর্তী সরকার
