ঢাকাজুড়ে মানববন্ধন করবে জামায়াত, চরমোনাই
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ২১:২৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ | ২২:৪৪
পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির বিধান জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আগামী মঙ্গলবার রাজধানী ঢাকা শহর জুড়ে মানববন্ধন করবে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ সাত দল। জামায়াত সায়েদাবাদ থেকে গাবতলী পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের ঘোষণা দিয়েছে।
আজ রোববার বিবৃতিতে যুগপৎ আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করে দলগুলো। ১৪ অক্টোবর রাজধানী ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরে মানববন্ধন করবে দলগুলো। পরেরদিন ১৫ অক্টোবর বুধবার সব জেলা শহরে একই কর্মসূচি পালন করা হবে।
মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস সোমবার একই কর্মসূচি ঘোষণা দেবে। আজ দলগুলো একই দাবিতে সারাদেশে ৬৪ জেলার প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে।
জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং জাগপা সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বাংলাদেশ খেলাফতসহ বাকি দলগুলো শুধু সংসদের উচ্চকক্ষে পিআর চায়। তবে সাতটি দলই নির্বাচনের আগে গণভোট, আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যুগপৎ আন্দোলন করছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার বিবৃতিতে জানিয়েছেন, সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে পাঁচ দফা মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না।
ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সমকালকে বলেছেন, গণমিছিল, স্মারকলিপি দেওয়ার পর সরকারের মধ্যে পাঁচ দফা দাবি নিয়ে সংবেদনশীলতা দেখা যাচ্ছে না। ১৪ অক্টোবর ঢাকায় এবং ১৫ অক্টোবর সব জেলায় মানববন্ধন করা হবে।
