ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তপশিলের আগে গণভোট চায় চরমোনাই পীরের দল

তপশিলের আগে গণভোট চায় চরমোনাই পীরের দল
×

মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ২০:২৯

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের তপশিলের আগে গণভোট চায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনের আগে আইনি ভিত্তি নির্ধারণ না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে। জাতীয় নির্বাচনটাও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হবে।

আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধনের মতিঝিল শাপলা চত্বর অংশে আতাউর রহমান এ কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তিতে, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ সাত দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ মানববন্ধন করে ইসলামী আন্দোলন। 

বিএনপির প্রতি ইঙ্গিত করে আতাউর রহমান বলেন, নির্বাচন কমিশন একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। বর্তমান নির্বাচন কমিশন অতীতের মতোই। একটি দলকে ক্ষমতায় নিতে কারসাজি করছে। সব রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না। মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে তিনি জনগণের দাবি বলে আখ্যা দেন। 

মানববন্ধনে আরও বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাউয়ুম প্রমুখ।

আরও পড়ুন

×