যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ রিপাবলিকান পার্টিও পেলো হাতি প্রতীক
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২০:৪৯
আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেলো বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলীয় প্রতীক হিসেবে পেয়েছে হাতি। রোববার দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ হস্তান্তর করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮ এর সূত্রে গত ২৩ জুলাই আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর বিধান অনুযায়ী, প্রধান কার্যালয়: ৮৮/১ শহিদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ এ অবস্থিত বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলের জন্য হাতি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।
পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় গণমাধ্যমকে বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নামও রিপাবলিকান পার্টি। দলটির নির্বাচনী প্রতীকও হাতি।
- বিষয় :
- হাতি
- প্রতীক বরাদ্দ
