ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের

নির্বাচনের আগে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান নুরের
×

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ২১:৩০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই শিক্ষকদের দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নবম পে-স্কেল ও বেতন কাঠামোর বৈষম্য দূর করার তাগিদ দিয়ে নুরুল হক নুর বলেন, নবম পে-স্কেল নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার বেতন কাঠামোর যৌক্তিক সমাধান দিয়ে যাবে। নির্বাচন হওয়ার আগেই শিক্ষকদের দাবি-দাওয়া মেনে নেওয়া জরুরি।

নুরুল হক নুর বলেন, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে হলে প্রথমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থার উন্নয়ন করতে হবে। এজন্য বেতন কাঠামোর বৈষম্য দূর করা জরুরি। কেউ পাচ্ছে ৮ হাজার, আর কেউ ৭০ হাজার- এই বৈষম্য চলতে পারে না।

প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। এতে সংগঠনের সমন্বয়ক মো. লুৎফর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে-কমিশনের প্রতিবেদন পেশ না হলে ১ ডিসেম্বর থেকে আমরা রাজপথে নামব। ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

প্রতিনিধি সমাবেশে বক্তারা বলেন, নবম পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে। ১:৪ কাঠামো, ১২ গ্রেড এবং সর্বনিম্ন ৩৫ হাজার টাকা মূল বেতনে নতুন পে-স্কেল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট আকারে বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন

×