ওয়ার্কার্স পার্টির অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদ ও অফিস সহকারী মনিরের মুক্তি দাবি
মনির হোসেনকে ধরে নিয়ে যায় পুলিশ। ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১৬:২৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ১৬:৪৫
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বিভিন্ন সংগঠনের হুঁশিয়ারির মধ্যে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মব সন্ত্রাসীদের দ্বারা হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতের এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।
ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছে, বুধবার রাত ১১ থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘সরকার সমর্থিত মব সন্ত্রাসীরা’ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের সই করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আওয়ামী লীগ ঘোষিত লক ডাউন কর্মসূচি প্রতিহত করার নামে ১২ নভেম্বর তারিখ রাত্র ১১টায় প্রায় শতাধিক লোক ড. ইউনূসের সমর্থনে নারায়ে তকবীর স্লোগান দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফাঁসি দাবি করে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ করে এবং ভাঙচুর করে। তারা প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালায়।’
হামলাকারীরা অফিস সহকারী মনির হোসেনকে মারধর করে তার হাতে ‘বোমা ধরিয়ে দিয়ে’ পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একই সঙ্গে তারা তালা লাগিয়ে ওই অফিস দখল নিয়ে অফিসের দরজায় ফ্যাসিবাদবিরোধী গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড লাগিয়ে দেয়। পার্টি অফিসের গলিতে তারা আতঙ্ক ছড়িয়ে ওয়ার্কার্স পার্টি নেতাকর্মীদের আক্রমনের চেষ্টা অব্যহত রেখেছে। এ ঘটনার পুলিশের সহায়তা চাওয়া হলেও তারা নীরবতা পালন করে।’
পার্টির নেতৃবৃন্দ বলেন, ওয়ার্কার্স পার্টি অফিস আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে এবং অফিস সহকারী মনির হোসেনের মুক্তি দাবি করছে।
- বিষয় :
- ওয়ার্কার্স পার্টি
- প্রতিবাদ
- হামলা-ভাঙচুর
- মব তৈরি
