জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ গঠন, আহ্বায়ক ডা. মাহফুজ সদস্যসচিব ফারাহ খান
জাতীয় প্রেসক্লাবে জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ১৫:১৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ | ১৯:৫৪
জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খানের নেতৃত্বে ৪৪ সদস্যের ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ডা. মাহফুজুর রহমানকে। সদস্যসচিব হয়েছেন ব্যারিস্টার ফারাহ খান। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চের এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়।
ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় জাসদের বিভিন্ন অংশের সংগঠক ও প্রাক্তন সংগঠকেরা জাসদের বিভিন্ন রাজনৈতিক দিক তুলে ধরেন। সভায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাসদ ও বাসদের সকল অংশের প্রতি আহ্বান জানানো হয়।
সংবিধানের ৭০, ৪৮/১, ৪৮/৩, ৫৫/১, ৫৬/১, ৫৮/২, ১৩৪ অনুচ্ছেদকে ফ্যাসিবাদী শাসনের মূলভিত্তি উল্লেখ করে এসব অনুচ্ছেদ সংশোধন বা বাতিল করার দাবি জানানো হয়। একই সাথে ১৯৭৮ সালের সংশোধিত ৯ অনুচ্ছেদ পুনর্বহাল করে শ্রম কর্ম পেশার নির্বাচিত প্রতিনিধিদের সংযুক্ত করে স্থানীয় সরকার গঠন এবং সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী স্থরভেদে স্থানীয় সরকারকে ক্ষমতা দিয়ে স্বশাসিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা দুই কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে বলেন, উচ্চ কক্ষ হবে কৃষি শ্রম কর্ম পেশাজীবীদের নির্বাচিত প্রতিনিধি ও রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রতিনিধি নিয়ে। নিম্ন কক্ষ গঠিত হবে সংখ্যানুপাতিক বা প্রতীকভিত্তিক ভোটের মাধ্যমে। কোনো দল ৫০ ভাগের বেশি ভোট না পেলে প্রথম ও দ্বিতীয় ভোট প্রাপ্ত দলের মাঝে আবার প্রতিদ্বন্দ্বিতা হবে। নিন্ম কক্ষ সরকার গঠন করবে। প্রতিবেদনে আশা প্রকাশ করে বলা হয়, শ্রম কর্ম পেশার জনগণের হাতে ক্ষমতা গেলে তারা তাদের স্বার্থেই একটি বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যোগ নেবে।
ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার ফারাহ খান, এম এ আওয়াল, ফজলুল রহমান মুরাদ, মো মনিরুজ্জামান, ওয়াজেদ আলি সরকার, খালিদ হোসেন, ডিএম আলম, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ডা. শাহ আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলি বাবু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ অন্তর প্রমুখ। জাসদের বিভিন্ন অংশের সংগঠক ও প্রাক্তন সংগঠকরা সভায় যোগ দেন।
৪৪ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্যরা হচ্ছেন- এম এ আওয়াল, আব্দুস সালাম, ওয়াজেদ সরকার, আবদুল মালেক সরকার, খালেদ হোসেন, আহমেদ ফজলুল রহমান মুরাদ, মশিউর রহমান খান, আমিরুল ইসলাম রাঙা, গোলাম মোস্তফা ঠান্ডু, সাব্বির আহমেদ, আবুল কালাম আজাদ বাদল তুহিন চৌধুরী, জগদিশ প্রামাণিক, মকলেসুর রহমান লবু, এস এম বাবুল, সফি উদ্দিন, ডি এম আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলি বাবু, শফিউর রহমান, আবুল হোসেন, আকরাম হোসেন, মোহাম্মদ সিরাজ শিকদার, ইয়াকুব আলি, ফকির শওকত, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, এনায়েত উল্লাহ, অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, রেজাউল ইসলাম, মনসুর আহমেদ, সাদেকুর রহমান, ইসমাইল হোসেন, খোরশেদ আলম, অ্যাডভোকেট তাজউদ্দিন সবুজ, মোহাম্মদ রিয়াদ আরেফিন সুজন, ফখরুল আলম খান বাবুল, ফেরদৌস আলম খান পেয়ারু, অধ্যাপক আখতারুজ্জামান, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ নিজাম উদ্দিন, সাব্বির পল্লব, জাহাঙ্গীর আলম, সাইফুল বিন হানিফ, নিলোভ পারভেজ এবং আব্দুল মজিদ অন্তর।
- বিষয় :
- জাসদ
- সিরাজুল আলম খান
