ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলোচনা সভায় মির্জা ফখরুল

চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না

চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ০১:৩০

রাজনৈতিক দল ও শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্ন যেন ব্যর্থ না হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, তাদের যে আত্মাহুতি, তা যেন বৃথা না হয়ে যায়। আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে পারি।’

গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তাঁর প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এ আলোচনা সভা হয়। গ্রন্থগুলো হলো– মাহবুব উল্লাহর লেখা ‘পূর্ব বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন’, ‘বঙ্গভঙ্গ’, ‘আমার জীবন ও আমার সংগ্রাম’ এবং উম্মে সালাম আলোর লেখা ‘জয়নপারের আলো’।

মির্জা ফখরুল বলেন, ‘অধ্যাপক মাহবুব উল্লাহ তাঁর লেখায় দেশের কথা, মানুষের কথা, সমাজ পরিবর্তনের কথা বলেছেন। ব্যক্তিগত পাওয়া, না পাওয়ার কথা তাঁর বইতে পাওয়া যায় না। বাংলাদেশের পণ্ডিত মানুষগুলোর মধ্যে মাহবুব উল্লাহ অন্যতম। অথচ তাঁকে সেই মূল্যায়ন করা হয়নি।’

উম্মে সালমা আলোর সঙ্গে ওই সময়ে আত্মগোপনে থাকা বামপন্থি নেতা মাহবুব উল্লাহর বিয়ের অনুষ্ঠানের স্মৃতিও রোমন্থন করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি অধ্যাপক মাহবুব উল্লাহর জন্মদিন এবং তাঁর মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান। পাশাপাশি উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, দেশের মানুষ শুধু সুদিন দেখার জন্য, ভালো সময় দেখার জন্য ত্যাগ স্বীকার করছে। সামনে দিনগুলো যাতে অত্যাচার-অবিচার, মানুষের অমযার্দা যাতে না হয়, এটাই আমার আজকের প্রত্যাশা।

কবি আবদুল হাই শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষাবিদ অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক হায়াত হোসেন, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক নিলুফার সুলতানা, অধ্যাপক নুরুল আমিন বেপারী, ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অধ্যাপক মাহবুব উল্লাহর বড় মেয়ে নায়লা তাহসিনা মাহবুব প্রমুখ।

আরও পড়ুন

×