হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ০০:৩২
ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দিপু চন্দ্র দাসের হত্যাকারীদের বিচার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপুকে পিটিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত নয়। ইসলাম কখনোই বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি কিংবা সহিংসতার অনুমোদন দেয় না।
জামায়াতের এই নেতা বলেন, অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে- এটাই আইনের শাসনের মৌলিক নীতি। জামায়াত ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে ইন-শা-আল্লাহ।
- বিষয় :
- ধর্ম অবমাননা
- জামায়াতে ইসলামী
- বিচার দাবি
