দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৯:২৪
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, পরিকল্পিতভাবে দেশকে আতঙ্ক ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আইনের শাসনের পরিবর্তে দেশে এক ধরনের স্বেচ্ছাতন্ত্র কায়েম করা হয়েছে। জনজীবনে গভীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, সরকার ও প্রশাসনের অকার্যকারিতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছে। ঘোষণা দিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমাণ করে- দেশে এখন মানুষের জানমাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।
ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা, রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া এবং লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে শিশু কন্যা হত্যার ঘটনা উল্লেখ করে সাইফুল হক বলেন, রাষ্ট্র ও সরকার মানুষের জানমালের হেফাজত না করে নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে পরোক্ষভাবে দুর্বৃত্ত-সন্ত্রাসীদের মদদ যুগিয়ে আসছে। সরকারের মধ্যকার বা তাদের ছত্রছায়ায় থাকা বিশেষ কোনো গোষ্ঠীর মদদ ছাড়া এ ধরনের রোমহষর্ক ঘটনা সংঘটিত হতে পারে না।
অনতিবিলম্বে সাম্প্রতিককালে সংঘটিত নজিরবিহীন নৃশংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সব অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিক ও আদর্শিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নিতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু,আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, সিকদার হারুন মাহমুদ, অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, স্নিগ্ধা সুলতানা ইভা, জুঁই চাকমা প্রমুখ।
সভায় আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রার্থীদের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
- বিষয় :
- ওয়ার্কার্স পার্টি
