ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধা
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ১৩:৫২

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শুক্রবার সকাল ৯ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ইউট্যাবের চেয়ারম্যান অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তার জীবদ্দশায় তিনি স্বামী হারিয়েছেন। সন্তান হারিয়েছেন। ঘরবাড়ি হারিয়েছেন। দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তার ডাক্তাররা একাধিকবার বলেছিলেন যে দেশের বাইরে উন্নত চিকিৎসা না করা হলে তার জীবন বিপন্ন হবে। তবুও তিনি বাংলাদেশের বাইরে কোথাও যাননি।

তিনি বলেন, বাংলাদেশের বাইরে তার এক ইঞ্চি জমি নাই। এক ইঞ্চি মাটিও নাই। এদেশের মানুষ আমার সন্তান। এই দেশের মাটি আমার জায়গা। এরকম দেশপ্রেমিক একজন নেত্রী চলে যাওয়া বাংলাদেশের জন্য অনেক ক্ষতি যা কখনো পূরণ হওয়ার নয়। 

তিনি আরও বলেন, এদেশের গণতান্ত্রিক লড়াইয়ের জন্য দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপন লড়াই করেছেন। আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তিনি স্বৈরাচার এরশাদের কাছ থেকে গণতন্ত্র রক্ষা করেছেন।

ইউট্যাবের মহাসচিব মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটা শিক্ষক সংগঠন থাকা উচিত মনে করে ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজে হাতে আমাদের এই সংগঠনটি করে দিয়েছিলেন। সেই থেকেই ইউট্যাবের যাত্রা শুরু।

তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে দেশের বড় বড় আন্দোলনে ইউট্যাব পাশে ছিল। তিনি গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত আন্দোলন করে গিয়েছেন। তার কারণেই আমরা গণতন্ত্র অর্জন করার পথে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নুরুল ইসলাম, লুৎফর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশিদুল ইসলাম , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল ইসলাম, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.এস এম আব্দুল্লাহ আউয়ালসহ ইউট্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×